২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

খুলনার দিঘলিয়া উপজেলার দু'টি ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

খুলনা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দিঘলিয়া উপজেলার দু'টি ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। রোববার সকালে খুলনায় বিএনপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। এদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এসব অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলেছেন। জেলা নির্বাচন কমিশন কার্যালয় ও দিঘলিয়া থানা জানিয়েছে, এ ব্যাপারে তারা কোনো লিখিত অভিযোগ পায়নি। মঙ্গলবার খুলনার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। উপজেলার সেনহাটি ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুর রকিব মল্লিক ও বারাকপুর ইউনিয়নের শরিফ ইকবাল সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা তাদেরকে কার্যত গৃহবন্দি করে রেখেছেন। তাদেরকে নির্বাচনী প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না।" তারা দাবি করেন, কোথাও কোথাও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ভোটারদের 'প্রকাশ্যে হুমকি' দিচ্ছেন। এমনকি নির্বাচন পরিচালনার জন্য সেনহাটি ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে কমিটি করতে চেয়েও হুমকির কারণে ফিরে আসতে বাধ্য হন তারা। দুই প্রার্থী অভিযোগে বলেন, ইউনিয়নের হিন্দু অধ্যুষিত এলাকায় বেশি ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা, নগর শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এ দু'টি ইউনিয়নের কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা এবং ভোটের দিন এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের দাবি জানান। এ ব্যাপারে সেনহাটি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গাজী আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিশ্চিত পরাজয় জেনে আওয়ামী লীগের স্বার্থান্বেষী একটি অংশের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী এসব অভিযোগ করেছেন।" তিনি বলেন, "এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।" বারাকপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গাজী জাকির হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, "শরীফ ইকবাল হোসেন নিজেই এলাকায় একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত। নির্বাচনে পরাজয় জেনে তারা অপপ্রচারে নেমেছে।" জেলা নির্বাচন কমিশনার বিভোর কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউপি নির্বাচন নিয়ে বিভিন্ন স্থান থেকে আমরা লিখিত ও মৌখিক অভিযোগ পেয়েছি। তবে সেনহাটি ও বারাকপুর ইউনিয়নের কোনো প্রার্থী নির্বাচন কমিশন কার্যালয়ে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ দেননি বলে জানান বিভোর। তিনি বলেন, "এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" দিঘলিয়া থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘন বা উত্তেজনার খবর লোকমুখে শুনেছেন। তবে ওই দুটি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে কেউ তাদেরকে মৌখিক বা লিখিতভাবে কোনো অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০০৩ ঘ.