২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহসী ভূমিকার জন্য দেলোয়ারের প্রতি বিএনপির শ্রদ্ধা

১/১১ এর সময় বিএনপিকে 'নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের' বিরুদ্ধে প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সাহসী ভূমিকার জন্য মঙ্গলবার তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১/১১ এর সময় বিএনপিকে 'নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের' বিরুদ্ধে প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সাহসী ভূমিকার জন্য মঙ্গলবার তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে দলটি। বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে প্রয়াত দেলোয়ার স্মরণে আয়োজিত এক শোকসভায় দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই শ্রদ্ধা নিবেদন করেন। কৃতজ্ঞ চিত্তে প্রয়াত মহাসচিবের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, "বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের সময় খোন্দকার দেলোয়ারের সাহসী ভূমিকার কারণে বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি তিনি ছিলেন অবিচল আস্থাশীল। তার চলে যাওয়ায় আমরা একজন বটবৃক্ষকে হারিয়েছি।'' বিএনপির পক্ষ থেকে প্রয়াত এই নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এই শোকসভার মধ্য দিয়ে বিএনপির ৬ দিনের শোক কর্মসূচি শেষ হলো। গত ১৬ মার্চ দেলোয়ার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। খন্দকার মোশাররফ বলেন, "দেলোয়ার সাহেবের মতো রাজনীতিকের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকার যে শিক্ষা তিনি আমাদের দিয়ে গেছেন, তা বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের অনুসরণ করতে হবে।'' দেলোয়ারকে দলের একজন 'অগ্রণী সৈনিক' আখ্যায়িত করে তিনি বলেন, দলের কঠিন সময়ে তিনি (দেলোয়ার) শত প্রতিকূলতার মাঝেও দলের পতাকাকে সমুন্নত রেখেছেন। এজন্য দল চিরদিন তার প্রতি কৃতজ্ঞ থাকবে। সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "১/১১ এর ষড়যন্ত্র এখনও চলছে। শহীদ জিয়াকে খাটো করার ষড়যন্ত্র হচ্ছে।'' দলের প্রয়াত মহাসচিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, "তিনি (দেলোয়ার) মাথা নত না করার শিক্ষা আমাদের দিয়ে গেছেন।'' বিএনপির সহসভাপতি টি এইচ খানের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমদ, সারোয়ারি রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়াপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আবদুল মান্নান. যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। অনুষ্ঠানে ছাত্রদলের সদ্য কারামুক্ত নেতা ইসহাক শিকদারকে ফুলের মালা দিয়ে বরণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫০ ঘ.