২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএমএস ডিলারশিপ, হামলায় আ'লীগ নেতা আহত

ওএমএস ডিলার নিয়োগকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

নওগাঁ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওএমএস ডিলার নিয়োগকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলা খাদ্য অফিসে এ হামলায় আহত হন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন, দলের কর্মী মাহফুজুর রহমান রকেট ও আজাদ হোসেন। তাদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আটজনকে আসমি করে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রানীনগর থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, উপজেলা খাদ্য বিভাগ মিরাট ইউনিয়নে খোলা বাজারে চাল বিক্রির জন্য আতাইকুলা গ্রামের স্থানীয় আওয়ামী লীগকর্মী মাহফুজুর রহমান রকেটকে ডিলার নিয়োগ করে। বৃহস্পতিবার (৯ মার্চ) তাকে নিয়োগ দেয়া হয় এবং ওইদিনই প্রথম তার অনুকূলে তিন মেট্রিক টন চাল বিক্রির জন্য বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে শুক্রবার তিনি (রকেট) দ্বিতীয়বারের জন্য চাল উত্তোলন করতে খাদ্য অফিসে গেলে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুস সাত্তার মণ্ডল চাল দেওয়া হবে না বলে জানান। ওসি বলেন, আব্দুস সাত্তার মণ্ডল রকেটকে জানিয়ে দেন- উপজেলা চেয়ারম্যান মৌখিকভাবে তাকে চাউল সরবরাহ করতে নিষেধ করেছেন। তাই মাহফুজুর রহমানের ডিলারশিপ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রোববার বেলা ২টায় মাহফুজুর রহমান ও কয়েকজন নেতাকর্মী উপজেলা খাদ্য অফিসে গিয়ে আবার ডিলারশিপ ফিরিয়ে দেওয়ার জন্য খাদ্য কর্মকর্তাকে অনুরোধ করেন। ওই সময় ওখানে 'উপজেলা চেয়ারম্যানের' লোকজন মাহফুজুর রহমান রকেটকে মারধর করতে শুরু করে। তখন ওখানে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিনকেও তারা ছুরিকাঘাত করে। আওয়ামী লীগকর্মী আজাদ হোসেনও মারধরের শিকার হন। এ ঘটনায় রাতে মাহফুজুর রহমান রকেট বাদী হয়ে রাণীনগর থানায় আটজনকে আসামি করে মামলা করেছেন। এরা হলেন- উপজেলা চেয়ারম্যানের দু'ভাই গোলাম মোস্তাফা ও রেজাউল ইসলাম, থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরিফ হোসেন রাঙ্গা, কর্মী রবিউল ইসলাম, ইকবাল হোসেন, জয়নাল আবেদীন, আবদুল জলিল ও গোলাম হোসেন। আহত আওয়ামী লীগ নেতা শরীফ উদ্দিন এ হামলার জন্য উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলালকে দায়ী করেন। উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৭ ঘ.