ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্মুদ্রিত সংবিধানের মাধ্যমে মূল সংবিধানকে 'ওলট-পালট' করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
বুধবার মওদুদ বলেন, "এই পুনর্মুদ্রিত সংবিধানের কোনো কার্যকারিতা ও মূল্য নেই। এর মাধ্যমে মূল সংবিধানকে ওলোট-পালট করে দেওয়া হয়েছে। এর পেছনে দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে বলে প্রতীয়মান হয়।"
সংবিধান 'ভুলভাবে' ছাপানোর পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানান তিনি।
জাতীয় প্রেসক্লাবে '৭২ সালের সংবিধান, সংবিধান পুনর্মুদ্রণ: নাগরিক ভাবনা' শিরোনামের এক আলোচনা সভায় কথা বলছিলেন মওদুদ। সভাটি আয়োজন করে নাগরিক ফোরাম।
পুনর্মুদ্রিত সংবিধানটি 'মূল্যহীন' দাবি করে দেশে কোনো সংবিধান আদৌ কার্যকর আছে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন সাবেক আইনমন্ত্রী।
তিনি বলেন, "ছাপানো সংবিধানটি ভুল ও সাংঘর্ষিক। এখন আর এর কোনো কার্যকারিতা নেই। আর সংবিধান না থাকলে দেশে সংসদ ও সরকারও থাকে না।"
এ ব্যাপারে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের হস্তক্ষেপ কামনা করেন মওদুদ।
পঞ্চম সংশোধনীর সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সরকার গত মাসে সংবিধান পুণর্মুদ্রণ করে।
নাগরিক ফোরামের সভাপতি আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিতাই রায় চৌধুরী, কবির মুরাদ, আবেদ রাজা, ফাহিমা নাসরিন মুন্নি, নাগরিক ফোরামের সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, পারেভজ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/পিডি/১৯২৭ ঘ.
bdnews24