ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশের খাদ্যঘাটতি পূরণে বিদেশের ভিক্ষার দিন শেষ। এখন নিজেদের খাবার নিজেরা যোগাতে না পারলে অভুক্ত থাকতে হবে।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত তথ্য প্রযুক্তি মেলা 'বিসিএস ডিজিটাল এক্সপো'র উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, সব দেশ এখন নিজেদের ভাবনায় ব্যস্ত। কারও উদ্বৃত্ত খাবার থাকলে তা তারা আর অন্য দেশকে দেয় না। প্রয়োজনে সে খাবার দিয়ে বায়োফুয়েল তৈরি করে।
অতীতে দেশে খাদ্যঘাটতি তৈরি করে ভিক্ষার আশায় হাত পেতে থাকা হতো- উল্লেখ করে মতিয়া বলেন, দেশের খাদ্যঘাটতি পূরণে সব সক্ষমতা আমাদের আছে। এজন্য শুধু যথাযথ পরিকল্পনা আর তার বাস্তবায়ন দরকার।
নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ থিমে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিসিএস'র এ মেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে মোট ৬৬টি প্রতিষ্ঠান পণ্য প্রদর্শনীতে অংশ নিয়েছে।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এবং বিজ্ঞান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/১৯২২ ঘ.
bdnews24