রংপুর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রফিক পুলিশের কার্যালয়ে ভাংচর চালানোর অভিযোগে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালের ঘটনায় রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ একটি মামলা করেছে।
সে মামলায়ই ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাকুল হক খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, ছাত্রলীগ নেতা রেজোয়ানুর রহমান, রংপুর সরকারি কলেজের ছাত্রলীগ নেতা শাফিউর রহমান, ইউনুস আলী ও আহসান হাবিব।
অবৈধ গাড়ি আটকে রংপুর শহরে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার দিনভর অন্তত ২০টি মটর সাইকেল আটক করা হয়।
এর মধ্যে দুই ছাত্রলীগ নেতার দুটি মটর সাইকেল ছাড়িয়ে নিতে গ্রেপ্তারকৃতরা ট্রাফিক পুলিশের কার্যালয়ে হামলা চালায় বলে পুলিশ কর্মকর্তা হায়দার জানান।
তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে ২০ থেকে ২৫ জন ট্রাফিক পুলিশের কার্যালয়ে এসে মটর সাইকেল দুটি ফেরত চায়। কিন্তু বৈধ কোনো কাগজপত্র না থাকায় তা ফেরত দেওয়া হয়নি।
তখন তারা কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর, কাগজপত্র তছনছ এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের লাঞ্ছিত করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ কনস্টেবল এজাজুল হক বাদি হয়ে ওই ছয় জনের নাম উল্লেখ করে এবং এর সঙ্গে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন।
রাত ১২টার দিকে ছয় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪০ ঘ.
bdnews24