২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরাম সংকটে সংসদ অধিবেশন মুলতবি

কোরাম সংকটের কারণে বৃহস্পতিবার রাত ৯টায় সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরাম সংকটের কারণে বৃহস্পতিবার রাত ৯টায় সংসদের অধিবেশন মুলতবি করা হয়েছে। এ সময় দিনের কার্যসূচি অনুযায়ী সংসদে সিদ্ধান্ত প্রস্তাব পর্ব চলছিল। অধিবেশন মুলতবি হওয়ায় বৃহস্পতিবার নির্ধারিত রাষ্ট্রপতি ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনা অনুষ্ঠিত হয়নি। ৯টা ৫ মিনিটে রোববার সাড়ে ৪টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার শওকত আলী। সংসদ অধিবেশনে ৬০ জন সাংসদ উপস্থিত না হলে কোরাম সংকট হয়। অধিবেশনের সভাপতি রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করে বলেন, "আশা করি, এ রকম পরিস্থিতি আর সৃষ্টি হবে না। আমরা সতর্ক হবো, দায়িত্ব পালন করব। সংসদে উপস্থিত হবো।" রাত ৮টা ৫৮ মিনিটে কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মুজিবুল হক চুন্নু কোরাম সংকটের বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। অধিবেশনের সভাপতি সাংসদদের অধিবেশন কক্ষে আসার জন্য সংসদ কর্মকর্তাদের ঘণ্টাধ্বনি বাজানোর জন্য বলেন। পাঁচ মিনিট ঘণ্টাধ্বনি বাজানোর পর মুলতবি ঘোষণা করা হয় অধিবেশন। এ সময় সংসদ কক্ষের প্রথম সারির ২৯ আসনের মধ্যে প্রধানমন্ত্রীসহ সবাই অনুপস্থিত ছিলেন। অধিকাংশ মন্ত্রীই এ সময় উপস্থিত ছিলেন না। চিফহুইপসহ সাত জন হুইপের মধ্যে মাত্র দুইজন উপস্থিত ছিলেন। এ দুজন হলেন আবদুল ওয়াহাব এবং মুজিবুল হক। অধিবেশন মুলতবির আগের ডেপুটি স্পিকার উপস্থিত দুই হুইপের কাছে জানতে চান, কোরাম হওয়ার সম্ভবনা আছে কি না? এ সময় হুইপ আবদুল ওয়াহাব বলেন, '"মাননীয় স্পিকার বাইরে কেউ নেই। তাই কোরাম হওয়ার সম্ভাবনা নেই।" এরপর ডেপুটি স্পিকার রাত ৯টা পাঁচ মিনিটে সংসদের বৈঠক মুলতবি করেন। এর আগে সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে সরকারি দলের সাংসদ একেএম রহমতউল্লাহ ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম ক্ষোভ প্রকাশ করেন। প্রধান বিরোধী দল বিএনপি গত ৩ জুন থেকে টানা সংসদ অধিবেশন বর্জন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২১৩৮ ঘ.