২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমা বিরোধ জাতিসংঘে দাবি জানাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সমুদ্রসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে জাতিসংঘ সালিশ আদালতে বাংলাদেশের দাবি উত্থাপনের জন্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে জাতিসংঘ সালিশ আদালতে বাংলাদেশের দাবি উত্থাপনের জন্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন। এরই মধ্যে মন্ত্রিসভায় আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণের একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। ওই প্রস্তাবই দাবি আকারে জাতিসংঘে উপস্থাপন করা হচ্ছে। সমুদ্রসীমায় ৪০০ নটিক্যাল মাইল নিজেদের বলে দাবি করছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের প্রায় পাঁচ মাস আগেই বাংলাদেশ জাতিসংঘ সালিশ আদালতে তার দাবি তুলে ধরছে। এ বছরের জুলাইয়ের মধ্যে বাংলাদেশকে তার রিপোর্ট জাতিসংঘ সালিশ আদালতে পেশ করার কথা ছিল। এই আদালতে দাবি উত্থাপনকারী ৫৩ তম দেশ হচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার সমুদ্রসীমা নিয়ে তাদের দাবি জাতিসংঘে উত্থাপন করেছে। কিন্তু তাদের দাবির ব্যাপারে বাংলাদেশ আপত্তি জানিয়েছে। সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে মূল বিরোধ হলো- প্রতিবেশী এ দেশ দুটি সমদূরত্ব (প্রিন্সিপল অফ ইকুয়াল ডিসটেন্স) ভিত্তিতে সমুদ্রসীমা দাবি করছে। কিন্তু বাংলাদেশ এ ক্ষেত্রে ন্যায্যতাভিত্তিক (প্রিন্সিপল অফ ইকুয়িটি) পদ্ধতি অনুসরণের দাবি জানাচ্ছে। সমুদ্রসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তির জন্য বাংলাদেশ ২০১০ সালের অক্টোবরে জাতিসংঘ সালিশ আদালতে যায়। আন্তর্জাতিক সমুদ্র আইন ১৯৮২ অনুযায়ী ভারতের দাবি করা পদ্ধতিটি কার্যকর হয় দুটি সামনা-সামনি দেশের ক্ষেত্রে। পাশাপাশি অবস্থিত দেশগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার পাশাপাশি দেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/এইচএ/১৯৫২ ঘ.