পটুয়াখালী, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পটুয়াখালীতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
বুধবার বিকালে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আওয়ামী লীগের সভা চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় সেখানে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মাওলা রনি উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
আউলিয়াপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করতেই ওই সভা আয়োজন করা হয়েছিলো। কিন্তু সন্ধ্যার দিকে বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে আহত ইউসুফ হাওলাদারকে (৪৫) বুধবার রাতে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে তার মৃত্যু হয়।
তার বাড়ি বড় আউলিয়াপুর গ্রামের ময়দান মাদ্রাসা এলাকায়।
পটুয়াখালী সদর থানার ওসি নরেশ চন্দ্র সাংবাদিকদের জানান, ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সায়েম বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় নিহতের ভাই আলতাফ হোসেন বাদি হয়ে ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
তবে এ ব্যপারে সংসদ সদস্য গোলাম মাওলা রনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএসবি/১৯৫৫ ঘ.
bdnews24