২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন মূল্যায়ন হয় না: তোফায়েল

আওয়ামী লীগে এখন আর নেতাদের মূল্যায়ন হয় না বলে মন্তব্য করেছেন দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগে এখন আর নেতাদের মূল্যায়ন হয় না বলে মন্তব্য করেছেন দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভায় তিনি বলেন, "বঙ্গবন্ধুর সময় নেতাদের মূল্যায়ন ছিলো, তবে এখন মূল্যায়ন করা হচ্ছে না।" আগরতলা মামলা প্রত্যাহার দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯৬৯ সালের ২৩ ফেব্র"য়ারি শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ। এর ঠিক আগের দিন কারাগার থেকে মুক্তি পান বঙ্গবন্ধুসহ আগরতলা মামলার অন্য আসামিরা। আগরতলা মামলার আসামিরা বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিলেন মন্তব্য করে তোফায়েল আলোচনা সভায় বলেন, "এই মামলার আসামিদের সরকারিভাবে মূল্যায়ন করতে হবে।" বিগত আওয়াগী লীগ সরকারের শিল্পমন্ত্রী এবং দলে সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন তোফায়েল আহমেদ। কিন্তু সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দলে নেতৃত্বে পরিবর্তন এবং সংস্কারের পক্ষে থাকায় দলের ভেতরেই তিনি 'সংস্কারপন্থি' হিসেবে চিহ্নিত হন। দলের নতুন কমিটিতে এই নেতাকে রাখা হয়েছে উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসাবে। বিগত সময়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে থাকা আব্দুল জলিল, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু ও সুরঞ্জিত সেনগুপ্তকেও একই পদে রাখা হয়েছে। তিন দিন আগেও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে আব্দুল জলিল মন্ত্রিসভায় পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভায় থাকা অনেককে জনগণ ভালভাবে চেনে না। জনগণের সঙ্গে তাদের তেমন সম্পৃক্ততা নেই। এ কারণে সরকারে নড়চড় হওয়া প্রয়োজন। বুধবার আলোচনা অনুষ্ঠানে হতাশ কণ্ঠে তোফায়েল বলেন, "কোথায় হারিয়ে গেল সেই সোনালী দিন।" 'ঐতিহাসিক আগরতলা মামলার প্রেক্ষিতে বাংলাদেশ' শীর্ষক এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ইতিহাস গবেষণা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উপদেষ্টা নূরুল ইসলাম ঠাণ্ডুর সভাপতিত্বে ডেপুটি স্পিকার শওকত আলী, ছাত্রলীগের সাবেক সভাপতি খালেদ মোহাম্মদ আলী, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দায়, ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, ফখরুল ইসলাম মুুন্সি, ফাউন্ডেশনের সভাপতি এবিএম আবদুল হালিম সরকার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আগরতলা মামলার আসামিদের সম্মননা ক্রেস্ট দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/জেকে/১৮৫৭ ঘ.