২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি জিম্মি হওয়ার খবর নেই: দীপু মনি

লিবিয়ায় বাংলাদেশি জিম্মি হওয়ার কোনো খবর মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় বাংলাদেশি জিম্মি হওয়ার কোনো খবর মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে সাংদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "লিবিয়ায় বাংলাদেশিদের জিম্মি করার কোনো খবর আমাদের কাছে নেই।" সেখানে বাংলাদেশি নাগরিকদের আহত হওয়ার কোনো খবরও মন্ত্রণালয়ের জানা নেই বলে মন্তব্য করেন তিনি। লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাংলাদেশ সরকার সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে দূতাবাস ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি বেশি খারাপ হলে লিবিয়া থেকে বাংলাদেশিদের প্রত্যাহার করার ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। লিবিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারীরা গত কয়েকদিনে শতাধিক বাংলাদেশিসহ তিনশরও বেশি বিদেশিকে জিম্মি করেছে বলে সোমবার খবর পাওয়া যায়। লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে প্রায় ৩৫০ কিলো মিটার পূর্বে দারনা সিটিতে তাদের আটক রাখা হয়েছে বলে জিম্মি থাকা এক বাংলাদেশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। জিম্মিদের একজন মানিকগঞ্জ জেলার শফিউদ্দিন বিশ্বাস সোমবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত শুক্রবার বিকালে ৩০/৪০ জন সশস্ত্র ব্যক্তি আমাদের ক্যাম্প অফিস থেকে জিম্মি করে প্রায় ২০ কিলোমিটার দূরে একটি মসজিদে নিয়ে যায়। পরের দিন স্থান পরিবর্তন করে পাশের দুটি কমিউনিটি সেন্টারে আমাদের আনা হয়েছে।" জিম্মিরা দক্ষিণ কোরিয়ার একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও কোরিয়া, নেপাল ও শ্রীলংকার নাগরিক রয়েছেন বলে জানান শফিউদ্দিন। তার ধারণা, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করতেই বিদেশিদের আটক করা হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স সোমবার জানায়, লিবিয়ায় সশস্ত্র হামলায় ১৫ বাংলাদেশিসহ ১৮ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের বাকি তিনজন কোরিয়ার নাগরিক। রাজনৈতিক সংস্কারের দাবিতে লিবিয়ায় গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভ রাজধানী ত্রিপোলিতে ছড়িয়ে পড়লে মুয়াম্মার গাদ্দাফির সরকার কঠোরভাবে তা দমন করছে। বুধবার বিক্ষোভ শুরুর পর সহিংসতায় দুই শতাধিক লোক নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৫২৪ ঘ.