চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে কিছু কেন্দ্রের ফল প্রকাশে বিলম্ব এবং ফল ঘোষণা নিয়ে কেন্দ্রের বাইরে সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত মঙ্গলবার শুরু হচ্ছে।
এ কমিটির একমাত্র সদস্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক তদন্ত কাজের জন্য সোমবার চট্টগ্রাম এসেছেন।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকালে মেয়র এম. মনজুর আলমের সাক্ষাৎকার নেওয়ার মধ্য দিয়ে বিচার বিভাগীয় কমটি তদন্ত কাজ শুরু করবে।
এছাড়া বুধবার নির্বাচনের পরাজিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার এবং সে সময় দায়িত্বপালনকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলীর বক্তব্য নেওয়া হবে।
গত বছর ১৭ জুন সিসিসি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম আওয়ামী লীগের মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৯৫ হাজারের ভোটের ব্যবধানে পরাজিত করেন।
কিন্তু নির্বাচনের পর ফল ঘোষণার সময় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতা হয়। ৬৭৩টি কেন্দ্রের মধ্যে ৬০টির ফল ঘোষণার পর বাকিগুলোর ফল ঘোষণায় বিলম্ব ঘটে।
সহিংসতা ও বিলম্বের কারণ খতিয়ে দেখার জন্য পরে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।
নির্বাচন কর্মকর্মতা খোরশেদ আলম জানান, ওই ঘটনা নিয়ে কেউ কোনো অভিযোগ বা তথ্য দিতে চাইলে লিখিত আবেদনের মাধ্যমে তা জানিয়ে কমিটির মুখোমুখি হতে পারবেন।
কমিটি বৃহস্পতিবার সাধারণ প্রতক্ষ্যদর্শীদের বক্তব্য শুনবে বলে জানান তিনি।
প্রত্যদর্শী কেউ ওই ঘটনা সম্পর্কে সাক্ষ্য দিতে চাই তাহলে জেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৯০৩ ঘ.
bdnews24