ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিংসার বশবর্তী হয়েই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম; যদিও বিএনপির অভিযোগ, উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় দৃষ্টিভঙ্গীর নজির পাওয়া গেছে।
বৃহস্পতিবার ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের বর্ণাঢ্য উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দেননি।
আইন প্রতিমন্ত্রী শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে বলেন, "বাংলাদেশের স্বীকৃতি, অর্জন ও গৌরবকে হিংসা করেই বিরোধীদলীয় নেতা বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বীকৃতি তারা মেনে নিতে চায় না।"
একইদিন বিশ্বকাপ আয়োজন নিয়ে সমালোচনা তুলে ধরে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, "এই আয়োজনে সরকার ক্ষুদ্র দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠতে পারেনি।" একইসঙ্গে নিজে টিকিট না পাওয়ার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব।
বাংলাদেশের রাজনীতি দুটি শিবিরে বিভক্ত- এ মন্তব্য করে কামরুল বলেন, "সবাইকে মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষে শেখ হাসিনা ও এর বিরোধী অবস্থানে খালেদা জিয়া।"
বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না- এ দাবি করে প্রতিমন্ত্রী বলেন, "জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা নন, এজেন্ট হিসেবে কাজ করেছেন। ১৯৭৫ পরবর্তী সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ড বিশ্লেষণ করলেই তা স্পষ্ট হয়।"
একুশে ফেব্র"য়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি জননেত্রী শেখ হাসিনার অবদান' শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কামরুল। এর আয়োজক ছিলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর শাখা।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু বলেন, "ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। দেশের মর্যাদা ও জাতীয় অস্তিত্বের প্রশ্নে দেশে আওয়ামী লীগ-বিএনপি থাকলে চলবে না।"
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, ফরিদ আলী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24