ঢাকা, ফেব্র"য়ারি ১৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে সরকারের দলীয় দৃষ্টিভঙ্গীর নজির মিলেছে বলে মন্তব্য করে এর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনের পরদিনই বিএনপি তাদের প্রতিক্রিয়া জানালো।
বিএনপি মহাসচিব নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "এই আয়োজনে সরকার ক্ষুদ্র দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠতে পারেনি। একতরফা ও দলীয় রাজনীতি এখানে কাজ করছে। সব কিছুতেই দেখা গেছে, নৌকা ও বঙ্গবন্ধু। এর মাধ্যমে দলের প্রচার ও প্রসারকে গুরুত্ব দিয়েছে তারা।"
তবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন বর্ণাঢ্য ছিলো বলে স্বীকার করেন তিনি। বিশ্বক্রিকেটের সবচেয়ে বড় আসর আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ধন্যবাদও জানান বিরোধী দলের এ নেতা।
দেলোয়ার বলেন, "এটা দেশের মানুষের জন্য গর্বের বিষয়।"
তবে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রেও সরকারের কার্পণ্য ছিলো বলে অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব জানান, তিনিও আমন্ত্রণপত্র পাননি।
দেলোয়ার বলেন, "অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। অতিথি সারিতে তাদের (আওয়ামী লীগ) দলের নেতাদের ছাড়া অন্য নেতাদের দেখা যায়নি। জাতীয় দৃষ্টিকোণ থেকে অন্যদের আমন্ত্রণ জানানো উচিৎ ছিলো।"
বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করেন বিএনপি মহাসচিব। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড় ও কর্মকর্তাদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০০ ঘ.
bdnews24