২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, নিহত ১

কমিটি গঠনকে কেন্দ্র করে মাদারীপুরে বিএনপি সমর্থক ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের সময় এক জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 05:12 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

মাদারীপুর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিটি গঠনকে কেন্দ্র করে মাদারীপুরে বিএনপি সমর্থক ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের সময় এক জন নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের ডিসি ব্রিজ এলাকায় এ সংঘর্ষ বাঁধে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। সংঘর্ষে আহত হয়েছে আরো ১০ জন। নিহত পারভেজ খান (২৫) পানিছত্র এলাকার কুদ্দুস খানের ছেলে। বিবদমান ছাত্রদলকর্মীদের পুলিশ লাঠিপেটা শুরু করলে পালাতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনি মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। ছাত্রদল সমর্থক পারভেজের ডান চোখের কাছে একটি আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া আর কোনো জখম তার দেহে দেখা যায়নি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর হোসেন মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হলে একদল নেতা-কর্মী পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে আনন্দ মিছিল বের করে। কেই সময়ে অন্য একটি অংশ নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে মিছিল বের করলে সংঘাত বাঁধে। নতুন কমিটির বিরুদ্ধে মিছিলটি করেন মিজানুর রহমান শিকদার ও ফকরুজ্জামান ফকুর অনুসারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিজানের সমর্থকরা ডিসি ব্রিজ সংলগ্ন জামিনুর হোসেনের ভাগ্নে রনি হোসেনের ফার্নিচারের দোকানে ঢুকে রনির হাত পায়ের রগ কেটে দেওয়াসহ বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। এরপর উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদলকর্মীকে লাঠিপেটা করে। পারভেজের মৃত্যুর পর ছাত্রদলকর্মীরা শহরের বিভিন্ন সড়কে মিছিল করে। তারা সদর থানার ওসি মো. কায়ুম আলী সরদারের অপসারণের দাবিতে স্লোগান দেয়। পারভেজের মৃত্যুর বিষয়ে ওসি কায়ুম সাংবাদিকদের বলেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। আহত রনিকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১০৫৫ ঘ.