২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিক্ষক নিয়োগ সহজ করতে আলাদা কর্ম কমিশন'

স্থানীয় সরকারমন্ত্রী জানিয়েছেন, শিক্ষক নিয়োগ সহজ করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আদলে পৃথক একটি কর্ম কমিশনের কথা ভাবছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী জানিয়েছেন, শিক্ষক নিয়োগ সহজ করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আদলে পৃথক একটি কর্ম কমিশনের কথা ভাবছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সংসদ কার্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফ। পিএসসি'র পরীক্ষাগুলোর ক্ষেত্রে দীর্ঘসূত্রতা পরিহার করে নিয়োগ প্রক্রিয়া আরো সহজ করার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না জানতে চান সামাদ চৌধুরী। জবাবে মন্ত্রী বলেন, "সরকারি কর্ম কমিশনের পরীক্ষাগুলোর দীর্ঘসূত্রতা নিরসনে বর্তমান পিএসসি'র আদলে একটি পৃথক বাংলাদেশ কর্ম কমিশন (শিক্ষা) গঠনের প্রক্রিয়া চলমান।" সংরক্ষিত মহিলা আসনের (৩৮) সাংসদ শাম্মী আখতারের এক প্রশ্নের জবাবে আশরাফ জানান, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। অবসরপ্রাপ্ত বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং জনসাধারণের মধ্য থেকে মন্ত্রণালয়/দপ্তর/বিশেষায়িত কাজ সম্পন্ন করতে বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে। নেত্রকোণা-১ আসনের সাংসদ মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, সংসদ সদস্য ও জন প্রতিনিধিদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের আচরণ সম্পর্কে 'সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ একটি পূর্ণাঙ্গ বিধিমালা আছে। এ বিধিমালা যুগোপযোগী করার প্রক্রিয়া চলছে। লক্ষ্মীপুর-৪ আসনের সাংসদ এএম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, সরকারি কর্মকর্তাদের চাকরির বয়স বাড়ানোর বিষয়ে আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই। বিকালে ডেপুটি স্পিকার শওকত আলী অধিবেশনে সভাপতিত্ব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২০১৮ ঘ.