ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বৈরাচার এরশাদের মতো বর্তমান মহাজোট সরকারের পতন ঘটানো হবে- বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।
ঢাকসু'র সাবেক সহসভাপতি আমান সোমবার বলেন, "নব্য স্বৈরাচার এখন দেশ শাসন করছে। নব্বইয়ে যেভাবে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছিলো, তাদেরও (সরকার) সেভাবে পতন ঘটানো হবে।"
এর আগে তিনি শিক্ষা ভবনের কাছে 'শিক্ষা অধিকার চত্ত্বর' এ স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিফলকে পুস্পমাল্য অর্পণ করেন।
১৯৮২ সালে সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা দখলের পর তার পদত্যাগের দাবিতে প্রথম আন্দোলনে ১৯৮৩ সালের ১৪ ফেব্র"য়ারি দীপালী সাহা, জয়নাল ও জাফরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হন। এই দিনটির স্মরণে ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠন স্মৃতিফলকে পুস্পমাল্য অর্পণ করে।
সোমবারের অনুষ্ঠানে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুণ্ড, সাবেক ছাত্রী নেত্রী শাহানা আখতার সানু, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক ছাত্রদল নেতা জয়ন্ত কুণ্ড, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, উত্তরের আহবায়ক কামাল আনোয়ার আহমেদ, দক্ষিণের আহবায়ক হাবিবুর রশীদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৪২০ ঘ.
bdnews24