২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দ্রব্যমূল্য নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন'

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর বক্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে অভিহিত করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর বক্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে অভিহিত করেছে প্রধান বিরোধী দল বিএনপি। রোববার বিকালে রাজধানীতে এক স্মরণসভায় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের 'ব্যর্থতা' ও সরকারি দলের 'সিন্ডিকেটকে' দায়ী করেন। তিনি বলেন, "দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়ে আপনি (প্রধানমন্ত্রী) ফাঁকি-ঝুঁকির কথা বলে জনগণকে বিভ্রান্ত করেবেন না। তা জনগণ গ্রহণ করবে না। দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সরকারের দায়িত্ব। আপনরা নির্বাচনের আগে দ্রব্যমূল্য কমানোর অঙ্গীকারও করেছেন।'' শনিবার বিকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন, "বৈশ্বিক ঊর্ধ্বগতির কারণে বিপুল ভর্তুকি দিয়েও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জামানতের টাকা বাজেয়াপ্ত হলেও ব্যবসায়ীরা আমদানি করতে চাইছে না। এর মধ্যে অন্য কারসাজিও থাকতে পারে।" ওই দিনই ঢাকায় এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, পৃথিবীর কোনো দেশে বাংলাদেশের মতো কম দামে পণ্য বিক্রি হয় না। দেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে উল্লেখ করে তিনি এও দাবি করেন, "দেশে কেউ না খেয়ে মরছে না, গ্রামে গঞ্জে কোনো হাহাকার নেই।" দেলোয়ার বিশ্বের বিভিন্ন দেশের পণ্যমূল্য তালিকা প্রকাশেরও দাবি জানান। মুক্তাঙ্গনে বিএনপির উদ্যোগে 'মালিবাগ হত্যা দিবস' উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়। ২০০১ সালের এদিনে বিএনপির একটি মিছিলে আওয়ামী লীগ কর্মীদের হামলায় ৪ জন নিহত হয়। বিএনপি মহাসচিব ২০০১ সালে দলের শান্তিপূর্ণ মিছিলে ওই সময়কার সরকারি দলের এইচ এম ইকবালের নেতৃত্বে হামলা হয়েছে দাবি করে বলেন, এ সংক্রান্ত মামলাটি সরকার ক্ষমতায় এসে প্রত্যাহার করে নিয়েছে। গণমাধ্যমে আলোকচিত্রও প্রকাশিত হয়েছে- সেদিন তারা গুলিবর্ষণ করেছেন। এভাবে মামলা তুলে নিয়ে আওয়ামী লীগ তাদের 'খুনিদের' রক্ষা করছে। নাটোরেও তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামীদের ছেড়ে দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এসব মামলা পুনরুজ্জীবিত করে দোষীদের বিচার করা হবে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্র্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৩৫ ঘ.