ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপ-সহকারি সচিব জিওফ্রে আর পায়াট শনিবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গুলশানে খালেদার কার্যালয়ে কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলের সহ-সভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী।
তিনি বলেন, "বিএনপি সবসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পককে যথার্থ গুরুত্ব দিয়ে থাকে। দুই দেশের দ্বি-পাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের চেয়ারপার্সন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ সর্ম্পককে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়া হবে।"
সাক্ষাতে বাংলাদেশের গণতন্ত্রকে সুদৃঢ় ও শক্তিশালী করতে সবারই ভূমিকা থাকা উচিত বলেও চেয়ারপার্সন সফররত উপ-সহকারি সচিবকে বলেছেন।
প্রায় এক ঘণ্টা স্থায়ী এই সাক্ষাতে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৫৫ ঘ.
bdnews24