ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারের বিনিয়োগকারীরা কোনো দলের নয় উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সবকিছুতে ষড়যন্ত্র খুঁজলে সরকার চালানো যাবে না।
শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, "শেয়ার বাজারের বিনিয়োগকারীরা কোনো দলের নয়। আপনারা বাজার সামলান, সব কিছুতে ষড়যন্ত্র খুঁজলে হবে না। সবকিছুতে ষড়যন্ত্র খুঁজলে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। বিনিয়োগকারীরা এ দেশের মানুষ, এদের রক্ষা করুন।"
গত ৯ ফেব্র"য়ারি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, "পুঁজিবাজারের ঘটনায় বোঝা যাচ্ছে- কিছু কিছু চক্র খেলা করছে।"
পুঁজিবাজারে দরপতনের পর বিনিয়োগকারীদের বিক্ষোভের প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "এটা দেখেই সন্দেহ হয়- কারা এটার পেছনে খেলছে।"
এর আগে ৭ ফেব্র"য়ারি মন্ত্রিসভার বৈঠকেও শেয়ার বাজারের নাজুক পরিস্থিতির জন্য বিরোধী দলকে দায়ী করেন প্রধানমন্ত্রী। শেয়ার বাজার ধ্বংস করার পেছনে 'বিএনপির হাত রয়েছে' বলে বৈঠকে মন্তব্য করেন তিনি।
পুঁজিবাজারের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার কারণে অর্থমন্ত্রীরও পদত্যাগ করা উচিৎ কি না- শুক্রবারের আলোচনা সভায় সে প্রশ্নও তুলেছেন সুরঞ্জিত।
তিনি বলেন, "একজন মন্ত্রী সরকারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের ডেকে বলছেন- পরিস্থিতির উন্নতি না হলে আপনাদের পদত্যাগ করতে হবে। তবে সাংবাদিকসহ সবার প্রশ্ন করা উচিৎ, ব্যর্থতার কথা চিন্তা করলে তারও পদত্যাগ করা উচিত কি না।"
বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ে এক সভায় কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার সময় বেঁধে দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "এ সময়ের মধ্যে শেয়ার যদি বাজারে না আসে, তবে ওই সব প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করতে হবে।"
গত ৬ ফেব্র"য়ারিও একই কথা বলেছিলেন অর্থমন্ত্রী।
পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী ও সংসদীয় কমিটির সভাপতির পরস্পর বিরোধী বক্তব্যেরও সমালোচনা করেন সুরঞ্জিত।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল ৮ ফেব্র"য়ারি বলেছিলেন, বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য 'রাজনৈতিক'।
এ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, "তারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যরও সমালোচনা করছেন। এটি একটি সমন্বিত সরকার, সমন্বিতভাবেই কাজ করে শেয়ারবাজারের ধস ঠেকাতে হবে।"
দ্রুত উত্থানের পর ব্যাপক পতনের কারণে দেশের পুঁজিবাজারে গত দুই মাস ধরে চলছে অস্থিরতা। এ নিয়ে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বাজার স্থিতিশীল করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
পুঁজিবাজারের অস্থিরতার কারণ ও অনিয়মের অভিযোগ তদন্তে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে একটি কমিটিও গঠন করেছে সরকার।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "ইব্রাহিম খালেদ স্বাধীনভাবে কাজ করতে পারলে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা সম্ভব।"
অবশ্য তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার পর তা কার্যকর হবে কি না- এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই নেতা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে সুরঞ্জিত বলেন, "ব্যবসায়ীদের কোনো দল নেই। ব্যবসায়ীরা সময়ে আওয়ামী লীগ আবার সময়ে বিএনপি, আবার একই সময়ে দুই দলই করেন। দেশের মানুষদের নিয়েই এর সমাধান করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ জনগণে পরিষ্কারভাবে জানাতে হবে।"
ষড়যন্ত্রকারীরা সরকারে ঢুকে গেছে এমন মন্তব্যও করেন তিনি।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "এদের বেশিরভাগই মৌসুমি আওয়ামী লীগ। এরা সরকারের ভেতরে ঢুকে গেছে। মৌসুমি আওয়ামী লীগ ও অনুপ্রবেশকারী ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে।"
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখার আহ্বায়ক আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যদের মধ্যে হাসান ইমাম, খায়রুল আলম সবুজ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/জেকে/১৮৪২ ঘ.
bdnews24