সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই নেতা সিরাজগঞ্জে গ্রেপ্তার হয়েছেন।
তারা হলেন-দলটির আমির সাইদুর রহমানের শ্যালক ও কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোক্তাসিন বিল্লাহ্ (২৫) এবং এহসার সদস্য আল আমিন (১৭)।
রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরল ইউনিয়নের ফুলজোড় গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শহিদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১টার দিকে র্যাব-১ সদর দপ্তরের গোয়েন্দা ইউনিট ও সিরাজগঞ্জ র্যাব-১২ যৌথভাবে ফুলজোড় গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
ওই বাড়ি থেকে জেহাদি বই ও বিস্ফোরক দ্রব্য তৈরির বই, লিফলেট ও সিডি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
মোক্তাসিন বিল্লাহ জেএমবির সাইদুরের দ্বিতীয় স্ত্রী কামরুন্নাহার হিমুর ছোট ভাই। তার বাড়ি দিনাজপুরের সৌগুনখোলা গ্রামে।
২০০৯ সালের অক্টোবর ঢাকার সবুজবাগ থেকে হিমুকে এবং পরের বছর শনির আখড়া থেকে সাইদুরকে গ্রেপ্তার করা হয়।
আল আমিনের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার কামারিয়া গ্রামে।
গ্রেপ্তারের পর তাদের ঢাকায় আনা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল সাংবাদিকদের বলেন, "এদের কাছ থেকে জেএমবির বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।"
তিনি জানান, ২০০৯ সালে জেএমবির এক সদস্যকে খুন করে বিল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এমইউএস/ সিএস/এমআই/১৪৩০ ঘ.
bdnews24