গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় সাক্ষগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মুরশিদ আলম পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জবানবন্দি নেন।
এ মামলায় মোট ৪৩ জনকে সাক্ষী করা হয়েছে।
২০০০ সালের ২২ জুলাই কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ও হ্যালিপ্যাড থেকে পুঁতে রাখা দুটি বোমা উদ্ধার করা হয়।
এ ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি ২৫ জন।
সাক্ষ্যগ্রহণের সময় মামলার প্রধান আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি মাওলানা আব্দুল হান্নান মুন্সী, তার সহযোগী মফিজুর রহমান ওরফে মহিবুল্লাহ, মো. মাহমুদ আজাহার ওরফে মামুনুর রশিদ, আবুল কালাম ওরফে রাশেদ ড্রাইভার, মেহেদী হাসান ও অসীম আক্তার আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) সুভাষ চন্দ্র জয়ধর সাংবাদিকদের জানান, পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মার্চ।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মামলার প্রধান আসামি ও সাক্ষীদের আদালতে হাজির করাতে না পেরে সাক্ষ্যগ্রণ বার বার পিছিয়ে যায়।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আসামিদের আদালতে হাজির করার পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ঘটনার সময় কোটালীপাড়া থানায় কর্মরত এসআই নূর হোসেনের সাক্ষ্য নেওয়া হয় দুপুর পৌনে ১টা পর্যন্ত।
এর আগে সকাল সাড়ে ৯ টার দিকে মুকসুদপুর উপজেলার বানিয়ার চর গীর্জার হত্যাকাণ্ডের দুটি মামলায় মুফতি হান্নানসহ নয় আসামিকে
অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। হাকিম মো. আলমগীর কবির আগামী ১০ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24