২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে তাদের বুকটা ফাইটা যায়'

গানের তালে তালে বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানালেন সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সাংসদ ও শিল্পী মমতাজ বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গানের তালে তালে বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানালেন সংরক্ষিত মহিলা আসনের সরকার দলীয় সাংসদ ও শিল্পী মমতাজ বেগম। বুধবার সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে জনপ্রিয় এই শিল্পী বলেন, "উনারদেরকে (বিরোধী দল) এমনি ডাকলে আসবেন না। গানের সুরে সুরে ডাকতে হবে।" "তাই আমি তাদের গানের সুরে সুরে ডাকছি- শেখ হাসিনা ডাকেরে, ছুটে আয় দেশের কাজে লাখে লাখেরে।" "আমি জানি তারা আসবেন না। কারণ, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে তাদের বুকটা ফাইটা যায়, মনটা ফাইটা যায়।" এ সময় সাংসদরা টেবিল চাপড়ে মমতাজের বক্তব্যকে সমর্থন জানান। বুকটা ফাইটা যায়-মমতাজের গাওয়া একটি জনপ্রিয় গান। অডিও-ভিডিও পাইরেসি বন্ধে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান এই সাংসদ। এর আগে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সিরাজগঞ্জ-৪ আসনের সফিকুল ইসলাম, নেত্রকোনা-২ এর আশরাফ আলী খান খসরু ও দিনাজপুর-৪ আসনের সাংসদ আবুল হাসান মাহমুদ আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এইচএ/২১৩৩ ঘ.