ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে মধ্যবর্তী নির্বাচন দাবি করেছে বিএনপি।
শেয়ারবাজরের নাজুক পরিস্থিতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিএনপি দায়ী- প্রধানমন্ত্রীর এ বক্তব্য নাকচ করে মঙ্গলবার বিকালে সমাবেশ থেকে ওই আহ্বান জানায় বিএনপি।
সমাবেশে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, "দ্রব্যমূল্য বৃদ্ধি ও পুঁজিবাজার ধ্বংসের জন্য বিএনপি দায়ী হলে আপনি [প্রধানমন্ত্রী] সরকারে আছেন কেন। ক্ষমতা ছেড়ে দিয়ে দেখুন খালেদা জিয়ার নেতৃত্বে সরকার কিভাবে দ্রব্যমূল্য কমাতে পারে, পুঁঁজিবাজার স্থিতিশীল করে।"
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আবারো মধ্যবর্তী নির্বাচন দাবি করেন। তিনি বলেন, "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সবক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। পৌর নির্বাচনে জনগণ সরকারকে হলুদ কার্ড দেখিয়েছে, মধ্যবর্তী নির্বাচন হলে তাদের লাল কার্ড দেখাবে।"
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পুঁজিবাজার ধ্বংসের পেছনে বিএনপি দায়ী বলে অভিযোগ করেছেন বলে সাংবাদিকদের জানান তার প্রেস সচিব আবুল কালাম আজাদ।
গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে মঙ্গলবার বিকালে বিএনপির এই বিক্ষোভ সমাবেশ হয় সোমবারের হরতালে পুলিশি বাধা ও 'নির্যাতন' এবং গ্রেপ্তারদের মুক্তির দাবিতে।
একই দাবিতে বুধবার জেলা ও থানা সদরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে বিমান বন্দর নির্মাণ বাতিল, দেশের নতুন কোনো বিমান বন্দর না করা, পুঁজিবাজার থেকে অর্থ লুণ্ঠণকারীদের বিচার, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।
দলটির দাবি করেছে, হরতালে সারাদেশে পুলিশ তাদের পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়া পুলিশি নির্যাতন ও সরকারি দলের কর্মীদের হামলা আহত হয়েছে আট শতাধিক।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্ম্পকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে দেলোয়ার বলেন, "প্রতিদিন ডাকাতি হচ্ছে। খুন-রাহাজানি বাড়ছে। সরকারি দলের লোকজন মানুষ খুন করছে। তারপরও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে।"
সোমবারের হরতালের যৌক্তিকতা প্রসঙ্গে সরকারি দলের সমালোচনারও জবাব দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, "যেসব দাবি নিয়ে হরতাল হয়েছে, এর চেয়ে যৌক্তিক দাবি কিছুই হতে পারে না। অথচ তারা বলছে ইস্যুবিহিন হরতাল করা হয়েছে। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, পুঁজিবাজার ধ্বংস ইত্যাদি যদি জনগণের ইস্যু না হয়, তা হলে কোনটি ইস্যু।
"ট্রানজিট দেওয়া, টিপাইমুখ বাধ নির্মাণসহ দেশের স্বার্থবিরোধী বিষয়গুলোই কি সরকারের কাছে ইস্যু মনে হয়?'' প্রশ্ন করেন দেলোয়ার।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের বক্তব্যের জবাবে মির্জা আবাস বলেন, "পুলিশ ছাড়া রাজপথে নামুন, আমরা আপনাদের মোকাবেলা করব। আপনারা পিটানোর হুমকি দেবেন, আর বিএনপির নেতা-কর্মীরা হাতে চুড়ি পড়ে বসে থাকবে- তা হয় না।"
হানিফ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগ আগামীতে হরতাল মোকাবেলায় রাজপথে থাকবে। আমরা মাঠে থাকলে বিএনপি আর রাজপথে নামবে না।
বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ বক্তব্য দেন। সভা পরিচালনা করেন দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০০৬ ঘ.
bdnews24