২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের স্থান বদলেছে বিএনপি

বিক্ষোভ সমাবেশের স্থান বদলেছে বিএনপি। সোমবারের হরতালে পুলিশি বাধা ও 'নির্যাতনের প্রতিবাদ' এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে এ সমাবেশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 04:32 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষোভ সমাবেশের স্থান বদলেছে বিএনপি। সোমবারের হরতালে পুলিশি বাধা ও 'নির্যাতনের প্রতিবাদ' এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে এ সমাবেশ করবে দলটি। মঙ্গলবার বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সমাবেশ মুক্তাঙ্গনে করা হবে বলে সোমবার ঘোষণা দিয়েছিলো দলটি। মঙ্গলবার দুপুরে দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বলেন, "আগে থেকেই ওই স্থানে অন্য একটি সংগঠনের অনুষ্ঠান করার কথা রয়েছে। তাই আমরা স্থান পরিবর্তন করেছি।" "বিকাল ৩টায় গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এই বিক্ষোভ সমাবেশ হবে। এতে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন," বলেন তিনি। সোমবার ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিএনপি সারাদেশের জেলা ও থানা সদরে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করার কথা। দেশে নতুন কোনো বিমান বন্দর না করা, পূঁজিবাজার থেকে অর্থ লুণ্ঠনকারীদের বিচার, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। পুলিশ এই হরতাল কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীদের মাঠে নামতে দেয়নি। দলটির দাবি, সারাদেশে পুলিশ তাদের পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়া পুলিশি নির্যাতন ও সরকারি দলের কর্মীদের হামলায় আট শতাধিক আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/আরএ/পিডি/১৪২২ ঘ.