নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য অনুষ্ঠিত পৌর নির্বাচনে নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার তিনটি কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে মামলা হয়েছে।
যুগ্ম জেলা জজ বেগম শামীমা আফরোজের আদালতে রোববার মামলাটি দায়ের করেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী ভূইয়া।
মামলায় বিবাদী করা হয়েছে অপর ১২ জন কাউন্সিলর পদপ্রার্থী, রিটার্নিং কর্মকর্তা ও ওই তিন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের।
আদালত অভিযোগ আমলে নিয়ে কেন ফলাফল অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন ভোট পুনরায় গণনা করা হবে না তা জানতে চেয়ে বিবাদীদের সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছে।
বাদীপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান ইসমাইল বলেন, তারাবো পৌরসভার কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাসাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রার্থী মোহাম্মদ আলীর পোলিং এজেন্ট শিউলি বেগম অপর কাউন্সিলর প্রার্থী সোহেল মিয়ার সন্ত্রাসীদের ভয়ভীতির কারণে কেন্দ্রে নির্বাচন ও ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারেননি।
ভোট গণনার সময় একশ' ব্যালটের প্রতিটি বান্ডিলে পোলিং এজন্টদের স্বাক্ষর নেওয়ার আইনগত বাধ্যবাধকতা থাকলেও এ তিনটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তা না মেনে ব্যালট বেআইনীভাবে গণনা বা বান্ডিল করেছেন।
প্রতিপক্ষ কাউন্সিলর পদপ্রার্থী সোহেল মিয়া ও তার লোকজন এসব কেন্দ্রের সংখ্যালঘু ও নিরীহ ভোটারদের মোহাম্মদ আলী ভূইয়াকে ভোট না দিতে হুমকি দেয় এবং সাদা ব্যালট রেখে আসতে বলে।
এ কারণে কর্ণগোপ কেন্দ্রে ২৫টি, মাসাব কেন্দ্রে ১০০টি, কান্দাপাড়া কেন্দ্রে ১৪৬টি সিলবিহীন সাদা ব্যালট পাওয়া যায়।
গণনার সময় সিলবিহীন এসব ব্যালট বাতিল বলে ঘোষণা করা হয়।
এছাড়া কান্দাপাড়া কেন্দ্রের ২৫১টি ব্যালটের মোহাম্মদ আলী ভূইয়ার মার্কা 'ঘুড়ি' তে সিলের বেশিরভাগ অংশ থাকলেও এগুলোকে সোহেল মিয়ার 'হরিণ' মার্কার ভোট হিসেবে গণনা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24