ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার হরতাল পালনের সময় 'পুলিশি নির্যাতন' এবং দলীয় সাংসদদের ওপর হামলার প্রতিবাদে দুইদিনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার ঢাকার মুক্তাঙ্গনে এবং বুধবার জেলা ও থানা সদরে এ কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, "জনগণের দাবি আদায়ে আমরা এই হরতাল পালন করেছি। সরকার অনেক দমন-নির্যাতন চালিয়েও হরতালকে বানচাল করতে পারেনি।"
হরতাল পালনের সময় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 'পুলিশি নির্যাতন ও অ্যাকশন', ধানমণ্ডিতে জেলা সভাপতি আবদুল মান্নানের বাসায় হামলাসহ সারাদেশে নেতা-কর্মীদের ওপর 'সরকারি দলের কর্মী ও পুলিশি হামলার' নিন্দা জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।"
তিনি বলেন, "সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল সফল হয়েছে। জনগণ শত বাধা-বিপত্তির মধ্যে এ হরতাল পালন করেছে।"
হরতালে ঢাকাসহ সারাদেশে পাঁচ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার ও আট শতাধিক আহত হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
তিনি গ্রেপ্তারদের মুক্তি দাবি করেন।
তিনি বলেন, "যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, মাহবুব, হারুন মোল্লা, মিজান, জুয়েল, মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনসহ বেশ কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮০০ ঘ.
bdnews24