২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি হরতালকে ভোঁতা কর্মসূচিতে পরিণত করেছে: টুকু

বিএনপির হরতালের সমালোচনা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, 'অযৌক্তিক' হরতাল ডেকে তারা এ কর্মসূচিকে 'ভোঁতা' হাতিয়ারে পরিণত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 06:59 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হরতালের সমালোচনা করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, 'অযৌক্তিক' হরতাল ডেকে তারা এ কর্মসূচিকে 'ভোঁতা' হাতিয়ারে পরিণত করেছে। হরতালের কর্মসূচি বাদ দিয়ে বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বানও জানান তিনি। আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা এ হরতাল ডাকে। এটি এ সরকারের সময়ে বিএনপির চতুর্থ হরতাল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "হরতাল একটি গণতান্ত্রিক অধিকার। বিরোধী দলের ক্রমাগত অযৌক্তিক ও অপব্যবহারের কারণে তা এখন 'ভোঁতা হাতিয়ারে' পরিণত হয়েছে। তাই বিরোধী দলের উচিত হরতাল প্রত্যাহার করে সংসদে ফিরে যাওয়া।" আড়িয়ল বিলের ঘটনায় বিএনপির ইন্ধন ও অংশগ্রহণ ছিলো দাবি করে টুকু বলেন, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে আড়িয়ল বিলে বিমানবন্দর না করার ঘোষণা দিয়েছেন। এছাড়াও দেশে বিশ্বকাপের আয়োজন চলছে। "এ অবস্থায় বিএনপির হরতাল আহ্বানের মানে কী? দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি ও গণতন্ত্রের সুবাতাসকে বাধাগ্রস্ত করার মাধ্যমে বিএনপি তাদের দূরভিসন্ধি পূরণ করতে চাইছে", বলেন তিনি। হরতালে বিএনপির মিছিলে বাধা এবং গ্রেপ্তার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "যারা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি ও নাশকতা করতে চায় তাদের প্রতিহত করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। তারা এ দায়িত্বই পালন করছে।" সচিবালয় চিত্র সোমবার সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির হার অন্য স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম রয়েছে। সচিবালয়ের সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা জানান, এদিন কর্মকর্তা ও কর্মচারী উপস্থিতির হার ছিলো ৬০ শতাংশের মতো। তবে দর্শনার্থীদের ভিড় একেবারেই নেই। এ কারণে কর্মকর্তারা তাদের জরুরি কাজও দ্রুত শেষ করার সুযোগ পেয়েছেন। আদালতচিত্র হরতালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোনো বেঞ্চ বসেনি। তবে সকাল সোয়া ৯টার দিকে আপিল বিভাগ বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য বসলেও বিচারপ্রার্থী না থাকায় আদালত মুলতবি করেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে সুপ্রিম কোর্ট বার ভবন থেকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সুপ্রিম কোর্টের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে এলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। এ সময় মিছিলকারীরা সেখানে বসে স্লোগান, বক্তৃতা, প্রতিবাদী কবিতা আবৃত্তির মাধ্যমে কর্মসূচি অব্যাহত রাখে। রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বিমান বন্দর নির্মাণের হটকারী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে যারা একজন পুলিশকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, অসংখ্য মানুষকে হয়রানি করছে আমরা তাদের বিচার চাই।" ভবিষ্যতে শেয়ার বাজারের লুটপাটকারীদের বিচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএন/আরএ/এমআই/১৩০০ ঘ.