২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ডাকে হরতাল চলছে

বিএনপির ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, বাধা দিচ্ছে মিছিলে। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, হরতালে জনগণের স্বতস্ফূর্ত সাড়া মিলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 03:45 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। নয়া পল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, বাধা দিচ্ছে মিছিলে। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, হরতালে জনগণের স্বতস্ফূর্ত সাড়া মিলেছে। আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ কঠোর থাকবে বলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ রোববার বলেন। একইদিন বিএনপি মহাসচিব বলেন, হরতালে বাধা দেওয়া হলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে। সোমবার সকালে হরতালের শুরুতেই নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে জড়ো হতে থাকেন বিএনপি নেতা-কর্মীরা। কার্যালয় পুলিশ ঘিরে রাখায় নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে ফুটপাতে বসে স্লোগান দিচ্ছেন। সকাল সাড়ে ৭টার দিকে তারা একটি মিছিল বের করলে কাকরাইল মোড়ে তাতে বাধা দেয় পুলিশ। দুজনকে আটকও করা হয়। সকাল ১০টার দিকে পুরান ঢাকায় ন্যাশনাল ব্যাংকের সামনে বিএনপির একটি মিছিল পণ্ড করে দেয় পুলিশ। সেখানে আটক করা হয় দুজনকে। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের একটি রায়ট কার, জল কামান রয়েছে। একটি প্রিজন ভ্যানও রয়েছে কার্যালয়ের ডান পাশে। নয়া পল্টন সড়কের বিভিন্ন গলি ও কাকরাইল মোড়, ফকিরের পুলের মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয়ে অভিমুখে বিএনপিকর্মীদের যেতে বাধা দিচ্ছে পুলিশ। নয়া পল্টনে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "দেশব্যাপী ডাকা এই হরতাল স্বতস্ফূর্তভাবে পালিত হচ্ছে।" মিছিলে পুলিশি বাধা এবং গ্রেপ্তারের নিন্দাও জানান তিনি। নয়া পল্টনে বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জয়নুল আবদিন ফারুক, রুহুল কবির রিজভী, আবদুস সালাম, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুল লতিফ জনি প্রমুখ। বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতাদের মধ্যে রয়েছেন হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু, শিরিন সুলতানা, জাহাঙ্গীর আলম মিন্টু, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ। সকাল ৯টার দিকে খন্দকার মোশাররফ ও মির্জা ফখরুলের নেতৃত্বে একটি মিছিল বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের কিছু সময় তর্কাতর্কি চলে। হরতালে ঢাকার রাস্তায় গাড়ি চলাচল খুব কম। দোকানপাটও খুব একটা খোলেনি। পুলিশের টহল অন্য হরতালের চেয়ে বেশি দেখা গেছে। হরতালে দূরপাল্লার বাস চলছে না। তবে মহাখালী থেকে কয়েকটি বাস ছাড়তে দেখা গেছে। ট্রেন ও বিমান চলাচল স্বাভাবিক বলে রেলওয়ে ও বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। সকালে সদরঘাট থেকে নয়টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। তবে যাত্রীর সংখ্যা ছিলো কম। হরতালের একদিন আগে ঢাকায় নয়টি বাসে আগুন ধরানো হয়। কয়েকটি স্থানে বোমার বিস্ফোরণও ঘটে। ঢাকার ৬৮ নম্বর ওয়ার্ড কমিশনার বিএনপি নেতা মোহাম্মদ রফিককে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। হরতালে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাতে পারেন- এ সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বংশাল থানার ওসি জমিরউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ঢাকার বাইরে হরতালের চিত্রও একই রকম। বিভিন্ন জেলায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৩০ ঘ.