ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে সুপরিকল্পিতভাবে দেশের সুনাম ক্ষুণ্ণ করতেই বিরোধী দল হরতাল ডেকেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাংসদ তোফায়েল আহমদ।
জাতীয় সংসদের রোববারের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বিরোধী দল কাজ করছে।
তিনি আরো বলেন, "বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বানচাল করতে বিরোধীদল হরতাল ডেকেছে বলে দেশের মানুষ বিশ্বাস করে।"
বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, "সংসদে এসে কথা বলেন। এতে জাতি খুশি হবে। আমরাও আমাদের কোনো ভুল হলে তা সংশোধন করতে পারবো।"
এর আগে সুরঞ্জিত সেনগুপ্ত পয়েন্ট অব অর্ডারে বলেন, "এই হরতালের কোনো কারণ নেই। এই হরতাল অযৌক্তিক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২১০৩ ঘ.
bdnews24