২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: সাবেক স্বরাষ্ট্র সচিবের জবানবন্দি

১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক আদালতে জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক আদালতে জবানবন্দি দিয়েছেন। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমান সাক্ষী হিসেবে সাবেক এই সচিবের জবানবন্দি লিপিবদ্ধ করেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহানগর হাকিম বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আট পৃষ্ঠার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে ওমর ফারুক সরকারি তদন্ত দলের কর্মকাণ্ড, প্রতিবেদন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। ওমর ফারুক ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ খালাসকালীন সময়ে স্বরাষ্ট্র সচিব ছিলেন। এছাড়া চারদলীয় জোট সরকারের আমলে এই ঘটনায় গঠিত পাঁচ সদস্যের সরকারি তদন্ত দলের প্রধান ছিলেন। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের সিইউএফএল'র সংরক্ষিত জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ। ওই সময় কর্ণফুলী থানার ওসি আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করেন। প্রাথমিক তদন্তে এ ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি উঠে এলেও ঊর্ধ্বতন মহলের চাপে তা বাদ দেওয়া হয়। এ ঘটনা তদন্তে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার তৎকালীন স্বরাষ্ট্র সচিব ওমর ফারুককে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির তিন সদস্য তৎকালীন ডিআইজি (সিআইডি) ফররুখ আহম্মদ, তৎকালীন ডিআইজি (এসবি) শামসুল ইসলাম ও এনএসআই'র তৎকালীন পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী আদালতে সাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কমিটির অপর সদস্য এনএসআই'র সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন। তাদের জবানবন্দিতে সে সময় তদন্ত কাজ প্রভাবিত করা এবং এনএসআই'র যুক্ত থাকার বিষয়টি চেপে যেতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সরকারি তদন্ত দলের প্রধান ওমর ফারুকের নির্দেশের বিষয়টি উঠে আসে। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর অস্ত্র খালাস এবং জেটি ব্যবহারের সংশ্লিষ্ট সিইউএফএল কর্মকর্তা, কোস্টগার্ড, ট্রাক মালিক, পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। এদের মধ্যে এনএসআই'র সাবেক দুই প্রধানসহ পাঁচ সাবেক কর্মকর্তা, সিইউএফএল'র সাবেক এমডি ও জিএমসহ (এডমিন) সাতজনকে নতুন করে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৫৮ ঘ.