ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানমন্ত্রী জানিয়েছেন, আকাশ পথে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষে অত্যাধুনিক পদ্ধতি অনুসরণ করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
জাতীয় সংসদের রোববারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এ কথা জানান।
খন্দকার আব্দুল বাতেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, বিশ্বের উন্নত দেশের বিমান পরিবহনের মতো আমাদের দেশে এই শিল্প অত্যাধুনিক নয়। তবে বর্তমান সরকার এই শিল্পকে আধুনিকায়নের জন্য যুগোপযোগী এক পরিকল্পনা হাতে নিয়েছে।
বিদ্যমান বিমান বন্দরের পরিসর বাড়ানো ও অন্যান্য সুযোগ সুবিধা আধুনিক করাসহ সুপরিসর বিমান উড্ডয়ন-অবতরণের লক্ষ্যে কক্সবাজার বিমান বন্দর উন্নয়ন (প্রথম পর্যায়) প্রকল্প ও শাহজালাল বিমান বন্দরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে।
সাংসদ মতিউর রহমানের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার জানান, স্বাধীনতার পর এ পর্যন্ত দেশে বিমান বাহিনীর মোট ৫০টি বিমান বিধ্বস্ত হয়েছে। এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৭০কোটি ৬১ লাখ ৭৬০ টাকা।
এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম জানান, তালিকাভুক্ত নারী মুক্তিযোদ্ধার সংখ্যা ১৬২। কিন্তু বীরাঙ্গনা নারীদের তালিকা সংরক্ষিত নেই।
শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০০৯ এর হিসাব মতে নিট ফসলী জমির পরিমাণ প্রায় ৭৯ লাখ হেক্টর। দোফসলী জমির পরিমাণ প্রায় ৩৯ দশমিক ১৮ লাখ হেক্টর ও তিন ফসলী জমির পরিমাণ প্রায় ১২ দশমিক ৭৯ লাখ হেক্টর।
মহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, দেশে অনাবাদী কৃষি জমির পরিমান ৪ দশমিক ৭৪ লাখ হেক্টর।
এ কে এম রহমত উল্লাহর এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করীম হীরা জানান, রাজধানীতে পরিত্যাক্ত সম্পত্তির পরিমাণ ৫২ দশমিক ৩৮৯০একর। এসব পরিত্যাক্ত জমি মিরপুর, বড় মগবাজার, খিলগাঁও, সদরঘাটসহ বিভিন্ন এলাকায় অবস্থিত।
শেখ আফিল উদ্দিনের এক প্রশ্নের জবাবে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বন অধিদপ্তরের অধীনে সারা দেশে বনভূমির পরিমাণ প্রায় ১৫ লাখ হেক্টর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২০৪৫ ঘ.
bdnews24