ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা হরতালে কঠোর থাকার থাকার ঘোষণা দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ রোববার সাংবাদিকদের বলেন, "সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে কিংবা আইনশৃঙ্খলার অবনতি ঘটে- এমন কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না।"
রোববার মিরপুর স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
হরতালের আগের দিন গাড়িতে আগুন দেওয়ার আগের ঘটনাগুলো তুলে ধরে বেনজির বলেন, এ জন্য পুলিশ আগাম প্রস্তুতি নিয়েছে।
তবে পুলিশের এই বক্তব্যের পর সন্ধ্যায়ই মিরপুর ও ধানমণ্ডিতে দুটি গাড়িতে আগুন ধরানো হয়। তবে এতে বিরোধী দল সমর্থকরা জড়িত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এমআই/১৮২৬ ঘ.
bdnews24