২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা

বরিশালে হরতালের সমর্থনে মিছিলে লাঠি চালিয়েছে পুলিশ। বিএনপি নেতাদের দাবি, এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

বরিশাল, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে হরতালের সমর্থনে মিছিলে লাঠি চালিয়েছে পুলিশ। বিএনপি নেতাদের দাবি, এতে অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবারের হরতালের সমর্থনে রোববার দুপুরে মহানগর বিএনপি নগরীতে মিছিল বের করে। একই সময়ে মিছিল করে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও। বরিশাল মডেল থানা পুলিশ জানিয়েছে, অনুমতি না নেওয়ায় তারা বিএনপির মিছিল পণ্ড করে দিয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলার সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা সাড়ে ১১টায় মিছিলটি আদালতপাড়া থেকে ফজলুল হক এভিনিউ'র দিকে যাওয়ার পথে পুলিশ ব্যারিকেড দেয়। "মিছিলকারীরা সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।" এতে মোক্তার হোসেন, আমজাদ হোসেন, তানভীর, রহিম, সুলতান আহম্মেদসহ ১০ জন আইনজীবী আহত হন বলে দাবি করেন ইমন। অন্যদিকে মহানগর বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক মহসিন মন্টু জানান, বেলা সাড়ে ১২টার দিকে একটি মিছিলে অংশ নিতে দলীয় নেতাকর্মীরা জেলা পরিষদ ভবনের পাশে জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া ও লাঠিপেটা করে। পুলিশি হামলায় বিএনপি'র কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক আহসান হাবীব কামালসহ ২০ নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূর্বানুমতি না থাকায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে।" পুলিশের বাধা না মানায় লাঠিপেটা করা হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৫০ ঘ.