ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা সোমবারের হরতালে ব্যবসায়ীরা দোকান খুললে ইট-পাটকেল না ছোড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "হরতাল করা আপনাদের অধিকার হলে দোকান খুলে ব্যবসা করাও ব্যবসায়ীর অধিকার।"
শনিবার বিকালে বিজেএমইএ মিলনায়তনে বিজিএমইএ সংগঠনটির মিরপুর হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন ও পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের মেধাবী সন্তানদের বৃত্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন সৈয়দ মোদাচ্ছের।
পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবার জন্য নির্মিতব্য আট তলা হাসপাতালটি একশ ৫০টি শয্যা থাকবে।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন এসময়
পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিকদের তিনশ ৫০ টাকা করে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, "আগামী মার্চে প্রধানমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করবেন। নারী শ্রমিকরা জুলাই মাস থেকে এটাকা পাবেন।"
প্রতিমন্ত্রী জানান, পোশাক শিল্পে কর্মরত ৬৭ হাজার পাঁচশ নারী শ্রমিককে এ ভাতা দেওয়া হবে বিজিএমইএ'র মাধ্যমে।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/১৯১৭ ঘ.
bdnews24