ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট বিশ্বকাপ ও এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বিরোধীদলের প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি বলেন, "ক্রিকেট বিশ্বকাপ ও এসএসসি পরীক্ষার্থীদের কথা ভেবে, জনগণের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে তাদের প্রতি আমরা হরতাল প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।"
শনিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ঢাকা মহানগর পুলিশের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
সাহারা খাতুন বলেন, "পুলিশের গাড়ি, আবাসন, সরঞ্জাম ইত্যাদি সমস্যার বিষয়ে আমরা সম্পূর্ণ সচেতন রয়েছি। আমরা এটা জানি যে, পুলিশের তুলনায় এখন অপরাধীদেরও অনেক ভালো ও আধুনিক গাড়ি রয়েছে। আমরা চেষ্টা করছি, একটি আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে। সে জন্যে গত দুই বছর ধরেই আমরা চেষ্টা করছি।"
তিনি আরো দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে মহানগরীর বাসিন্দাদের সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এর আগে কেক কেটে স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা।
১৯৭৬ সালে ১২টি থানা আর ৬২৭৬জন পুলিশ সদস্য নিয়ে ঢাকা মহানগর পুলিশ যাত্রা শুরু করে। বর্তমানে ৪১৬ বর্গকিলোমিটার এলাকায় ৪১টি থানা নিয়ে ২৫ হাজারের বেশী পুলিশ সদস্য কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৮৫৩ ঘ.
bdnews24