ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক বিভাগে আনা হয়েছে।
তার ভাই গিয়াস কাদের চৌধুরী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বড় ভাই বুকের বাম দিকে ব্যথা অনুভব করছেন। তাকে কার্ডিয়াক বিভাগে রাখা হয়েছে।"
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদেরকে দুপুর ১টার দিকে কাশিমপুর কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
কাশিমপুর কারাগারের সুপার টিপু সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সালাহউদ্দিন কাদের চৌধুরী অসুস্থ বোধ করায় তাকে পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।''
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা জানান, পরীক্ষা শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে পাঠানো হবে।
মগবাজারে গাড়ি পোড়ানোর মামলায় গত ১৬ ডিসেম্বর ভোরে গ্রেপ্তার করা হয় সালাউদ্দিন কাদেরকে।
এরপর তাকে ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ট্রাইব্যুনাল ১৭ জানুয়ারি এক আদেশে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ১৯ এপ্রিল পর্যন্ত কারাগারে আটক রাখার নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/জেকে/১৬১২ ঘ.
bdnews24