চাঁদপুর, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল হওয়ায় তা মাঝের চরে করার দাবি জানিয়েছে চাঁদপুরের ওই চরের বাসিন্দারা। তাদের এ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
চাঁদপুরের সংসদ সদস্য দীপু মনি শনিবার মাাঝের চরে গেলে স্থানীয়রা বিমানবন্দরের দাবি তুলে ধরে। হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মাঝেরচর দীপু মনির নির্বাচনী এলাকার অন্তর্গত।
দীপু মনি সাংবাদিকদের বলেন, মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ কার্যক্রম স্থগিত হওয়ায় মাঝেরচরবাসী তাদের এলাকায় এটি নির্মাণের দাবি জানিয়েছে। তাদের এ দাবি প্রধানমন্ত্রীকে জানানো হবে।
"এলাকাবাসী বলেছে, এখানে প্রায় ২০/২৫ হাজার একর খাস জমি রয়েছে। তবে ওই এলাকাটি বিমানবন্দর নির্মাণের জন্য উপযুক্ত কিনা ও আন্তর্জাতিক রুটের মধ্যে পড়বে তা ভেবে দেখতে হবে", বলেন মন্ত্রী।
আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করে স্থানীয়দের সহিংস বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবন্দর পদ্মার ওপারে হবে।
দীপু মনি বলেন, আড়িয়ল বিলের মানুষের একাংশ ও বিরোধী দলের কারণে সরকার বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। বিমানবন্দর স্থাপনের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে।
মাঝেরচর থেকে ফিরে পররাষ্ট্রমন্ত্রী দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৮০ জন ভূমিহীন পরিবারের মধ্যে বরাদ্দকৃত জমির দলিল হস্তান্তর করেন।
বিকালে ডাক বাংলো মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
শুক্রবার রাতে ডাক বাংলোতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী আগামী সোমবার বিএনপির ডাকা হরতালের সমালোচনা করেন।
আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব দীপু মনি বলেন, বিরোধী দল যে সব ইস্যুতে হরতাল ডেকেছে, তা তাদের নিজেদেরই সৃষ্ট।
"চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং গ্যাস ও বিদ্যুতের যে সমস্যা চলছে, তা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। বরং বর্তমান সরকার এসে এসব সমস্যা সমাধানে চেষ্টা চলাচ্ছে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৫ ঘ.
bdnews24