ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক)- চার দলীয় জোটের তিন শরিক ও সমমনা দলগুলো ৭ ফেব্র"য়ারি বিএনপির ডাকা হরতালে সমর্থন দিলেও জামায়াতে ইসলামী তাদের সিদ্ধান্ত জানায়নি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে তার গুলশানের কার্যালয়ে এ বিষয়ে শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।
জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, তারা দলীয় ফোরামে বৈঠক করে তারপর হরতালে সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম ও মহানগর শাখার ভারপ্রাপ্ত আমীর হামিদুর রহমান আজাদ বৃহস্পতিবার রাত পৌন ৯টায় এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে বসেন।
৪০ মিনিট স্থায়ী ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
বৈঠকের পর এ টি এম আজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, "সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের বিষয়ে আলোচনা হয়েছে। তবে হরতালে সমর্থনের বিষয়ে আমরা বলেছি- দলীয় ফোরামে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত জানাব।"
জামায়াত নেতাদের পর চার দলের অপর শরিক খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব শফিকউদ্দিন ও শেখ গোলাজ আজগর বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করে হরতালে সমর্থন জানান।
চার দলের অন্য দুই শরিক ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আগেই হরতালে সমর্থন জানিয়েছে।
বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বুধবার বিরোধী দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে তার দলের সমর্থনের কথা জানান।
আর ইসলামী ঐক্যজোটের পক্ষে মহাসচিব আবদুল লতিফ নেজামী বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে হরতালে সমর্থনের ঘোষণা দেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সমমনা অন্যান্য দলের সঙ্গে বৈঠকে বসেন খালেদা জিয়া।
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ সভাপতি জেবেল রহমান গাণি, মুসলিম লীগের সভাপতি মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপ-ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক এ বৈঠকে অংশ নিয়ে হরতালে তাদের সমর্থনের কথা বলেন।
আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিল, নতুন কোনো বিমান বন্দর নির্মাণ না করা, খালেদা জিয়াসহ স্থানীয় জনগণের বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা মামলা' প্রত্যাহার ও পূঁজিবাজারের অর্থ লুণ্ঠনকারীদের বিচার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে সোমবার এই হরতাল ডাকে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২২৪৭ ঘ.
bdnews24