ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের রাজনৈতিক সচিবের অনুরোধ সত্ত্বেও বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের শুরুর সময় থেকেই তিনি এর বিপক্ষে অবস্থান নেন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, "আমি বিদেশ থেকে দেশে ফিরছিলাম। সাবের [হোসেন চৌধুরী] তখন আমার পলিটিক্যাল সেক্রেটারি ছিলো। সাবের বোর্ডিং ব্রিজে এসে আমাকে বললো, 'আপনি ক্রসফায়ারের বিরুদ্ধে কিছু বলবেন না। নিচে সাংবাদিকরা অপেক্ষা করছে। এ বিষয়ে আপনাকে প্রশ্ন করবে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এখন জনপ্রিয়।' আমি তখন বলেছিলাম- আমি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিপক্ষে বলবো।"
২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন কর। ২০০৪ সালে র্যাব গঠনের পর বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়।
র্যাব'র হিসাব অনুযায়ী ২০০৪ সাল থেকে গতবছর পর্যন্ত র্যাব'র 'ক্রসফায়ারে' নিহতের সংখ্যা ছয়শ ২২। বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের কারনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠগুলোর সমালোচনার মুখে রয়েছে র্যাব।
চারদলীয় জোট সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব ছিলেন সাবের হোসেন চৌধুরী। হেফাজতে মৃত্যু বন্ধে চলতি সংসদে একটি বিল উত্থাপন করেছেন সাবের হোসেন চৌধুরী।
দলীয় সভানেত্রীর বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।"
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য পাঠ এবং প্রশ্নের জবাব দেওয়া মিলিয়ে প্রায় দেড় ঘণ্টা বক্তব্য দেন।
নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করা সত্ত্বে এখনো বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড এখনো কেন বন্ধ হচ্ছে না- এরকম এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায় বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
সেসময়কার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "একমাত্র আমিই বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলে সমালোচিত হয়েছিলাম। বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরতে গিয়ে আমাকে বলতে হয়েছে- আমি আমার বাবার হত্যাকাণ্ডের বিচার সাধারণ আইনে করেছি। আমি তো তাদের ধরে মেরে ফেলতে পারতাম।"
বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড দীর্ঘদিনের প্রক্রিয়া, যা এখনো চলে আসছে- উল্লেখ করে হাসিনা বলেন, "সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। রাতারাতি এটা বদল করা সম্ভব নয়। সিস্টেম চালু হয়ে গেছে, আমরা প্রাণপণ চেষ্টা করছি এটা বন্ধ করার।"
বিনাবিচারে মানুষ হত্যা শুরু হয়েছে ২০০১ সাল থেকে- এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এখন এর বিরুদ্ধে সবাই যেমন সোচ্চার, তখন কাউকে এমন সোচ্চার দেখিনি। তখন এমন সোচ্চার হলে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড এতদিনে বন্ধ হয়ে যেত।"
"তখন কূটনীতিকেদরও আমাতে বোঝাতে হয়েছে কেন আমি এটার বিরুদ্ধে বলছি। কূটনীতিকরাও বিচার বহির্ভূত-হত্যাকাণ্ড সমর্থন করেছিলেন।"
"তবে এখন রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না," বলেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৪১ ঘ.
bdnews24