ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৯০ দিনের মধ্যে বাধ্যবাধকতার মধ্যে বিএনপি সংসদে এসে 'একটা নাটক করবে' বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, "তারা সংসদে আসেন না। কিন্তু, উপ-নির্বাচনে অংশ নেন। তাদের সংসদে আসতে হবে।"
"৯০ দিনের মধ্যে এসে একটা নাটক করবে," বলেন হাসিনা।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য পাঠ এবং প্রশ্নের জবাব দেওয়া মিলিয়ে প্রায় দেড় ঘণ্টা বক্তব্য দেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার দলের এমপিদের জাতীয় সংসদের আসন্ন অষ্টম অধিবেশনে যোগ দিতে হবে। নইলে টানা ৯০ দিন সংসদ বর্জনের কারণে তারা সদস্যপদ হারাবেন।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের অনুমতি ছাড়া কোনো সংসদ সদস্য টানা ৯০ দিন অধিবেশনে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে।
সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতির রেকর্ডে (যার একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পেয়েছে) দেখা যায়, বিএনপি চেয়ারপারসন সর্বশেষ গত বছরের ৪ এপ্রিল সংসদে যোগ দিয়েছিলেন। এর ফলে গত ৯ ডিসেম্বর শেষ হওয়া সপ্তম অধিবেশন পর্যন্ত সংসদে তার টানা অনুপস্থিতি ৫০ দিন।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "এই পরিস্থিতি কেউ সৃষ্টি করতে পারবে না। জনগণের ওপর আমার বিশ্বাস আছে। ভোট চুরির অপরাধে তাকে [খালেদা জিয়া] ক্ষমতা থেকে নামতে বাধ্য [করা] হয়েছিলো।"
সরকারের 'উন্নয়ন কর্মকাণ্ডে' বিরোধী দলের সহযোগিতা চান শেখ হাসিনা। তিনি বলেন, "তার [খালেদা জিয়া] দাবি তো মেনে নিয়েছি। এখন উস্কানি দেওয়া বন্ধ করুন। তিনি তো আড়িয়ল বিলে মানুষের উন্নয়ন হতে দেননি। এর জবাব তাকে দিতে হবে।"
"চালের দাম বৃদ্ধি কৃত্রিম"
বেসরকারি টিভি চ্যানেল আই'য়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "এবার ভরা মৌসুমে চালের দাম বেড়েছে। কৃত্রিমভাবে এই চালের দাম বাড়ানো হয়েছে।"
আরেক প্রশ্নের জবাবে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে বলেন শেখ হাসিনা বলেন, "অনেকে খাদ্যশস্য মজুদ করে রাখছে। শুনলাম- এক লাখ বস্তা চাল মজুদ করে রাখা হয়েছে।"
"এর আগে যারা ক্ষমতায় ছিলো, তাদের লোক এখনো বিভিন্ন জায়গায় আছে। তারা মেকানিজম করছে। তারা মানুষকে কষ্ট দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে," বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, "উন্নয়ন হচ্ছে। কিন্তু, সব তো আর রাতারাতি সম্ভব নয়।"
'হলুদ কার্ড জনগণের মনের কথা নয়'
এই সরকার 'এ যাবত কালের সবচেয়ে দুর্বল সরকার' এবং পৌরসভা নির্বাচনে জনগণ সরকারি দলকে 'হলুদ কার্ড' দেখিয়েছে- বিরোধীদলীয় নেতার এই বক্তব্য সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান বেসরকারি বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল।
এর জবাবে শেখ হাসিনা বলেন, "যে বেশি দুর্বল, সেই সবাইকে দুর্বল মনে করে। তারা ক্ষমতায় থেকে অগাধ সম্পত্তি বানিয়েছে। জনগণ ভোটে তাদের প্রত্যাখ্যান করেছে।"
'হলুদ কার্ড' প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "পৌরসভা নির্বাচন স্থানীয় নির্বাচন। এই নির্বাচন আমরা জনগণের ওপর ছেড়ে দিয়েছিলাম। আমরা অতীতে কোনো পৌরসভা নির্বাচনে এতো সিট পাইনি।"
তিনি বলেন, "হলুদ কার্ড জনগণের মনের কথা নয়। তারা [বিরোধী দল] অনেক খেলা খেলার চেষ্টা করেছেন। এই নির্বাচনের আগে শেয়ারবাজার ম্যানুপুলেট করা হয়েছে।"
পুঁজিবাজার প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "শেয়ারবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে আমরা কঠোর অবস্থান নিয়েছি। তদন্ত হচ্ছে, যার নাম বেড়িয়ে আসবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
পুঁজিবাজারে কারসাজির কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের পর বিরোধী দল তার সমালোচনা করায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
'সরকার অনেক কাজ করেছে'
আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, সরকার জনগণের জন্য অনেক কাজ করছে।
"মন্ত্রিসভার বৈঠকের শতকরা ৮৭ ভাগ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। দু'লাখ ২১ হাজার লোকের সরকারি চাকরি হয়েছে এ সরকারের সময়।"
খালেদা জিয়ার নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, "আমি যদি ঘোষণা না দিতাম তা হলে তো উনি চলেই যেতেন। উনি তো সব কিছু রেডি করেছিলেন। তবে, যারা দুর্নীতি ও সম্পদ লুট করেছেন- তাদের বিচার একদিন হবেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৪০ ঘ.
bdnews24