রাজশাহী, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করেছে রাজশাহী র্যাব।
র্যাব বলেছে, আটক আব্দুর রাজ্জাক (৩৫) ফাঁসি হওয়া জেএমবির অন্যতম শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন।
র্যাব-৫ রাজশাহীর বাগমারা ক্যাম্পের সদস্যরা উপজেলার মাড়িয়া ইউনিয়নের কামারবাড়ি গ্রামের নিজের বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে। রাজ্জাক কামারবাড়ি গ্রামের সোলাইমানের ছেলে।
বিকালে তাকে র্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে আসা হয়।
র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজ্জাক জেএমবি'র এহসার সদস্য। তিনি বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী হিসেবে বিভিন্ন অভিযানে অংশ নেন।
তার বিরুদ্ধে চাঁদাবাজি ও জঙ্গি মদদদানের অভিযোগে বাগমারা থানায় একটি মামলা রয়েছে।
২০০৯ সালে মামলাটি করেন কাঁঠালবাড়ি এলাকার আব্দুল মান্নান।
এলাকাবাসী জানায়, ২০০৪ সালের এপ্রিল মাসে বাগমারায় বাংলা ভাইয়ের উত্থানের সময় রাজ্জাক তখনকার জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি)- এ যোগ দেন।
হত্যা, নির্যাতন, চাঁদাবাজিসহ বাংলা ভাইয়ের বিভিন্ন অভিযানে সরাসরি যুক্ত ছিলেন তিনি। বাংলা ভাইয়ের ফাঁসির পর রাজ্জাক আত্মগোপনে চলে যান।
র্যাব-৫ এর জঙ্গি দমন সেলের সহকারী পরিচালক এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, রাজ্জাককে জিজ্ঞাসাবাদ শেষে বাগমারা থানায় সোপর্দ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.
bdnews24