২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জেএমবির বোমা হামলা মামলার সাক্ষ্য শেষ

চাঁদপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের বোমা হামলার মামলায় সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের বোমা হামলার মামলায় সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোতাহির আলী শেষ সাক্ষী চাঁদপুরের তৎকালীন প্রথম শ্রেণীর হাকিম আবুল হাসনাত হুমায়ুন কবিরের জবানবন্দি নেন। এ সময় মামলার ১১ আসামির সবাই কাঠগড়ায় উপস্থিত ছিল। এই মামলায় মোট ৫৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ২০০৫ সালের ১৭ অগাস্ট ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালায় জেএমবি জঙ্গিরা। বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে চাঁদপুরের বিভিন্ন স্থানে বোমা হামলা হয়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল মোক্তার আহমেদ ওইদিনই সদর থানায় একটি মামলা দায়ের করেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মো. সাইয়েদুৃল ইসলাম সাংবাদিকদের বলেন, "হুমায়ুন কবিরের সাক্ষ্যের মাধ্যমে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হলো।" তিনি জানান, আগামী ১৪ ফেব্র"য়ারি যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য্য করা হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের পর রায় ঘোষণার দিন ঠিক করা হবে। এই মামলায় জেএমবি প্রধান প্রধান শায়খ আব্দুর রহমান, ছিদ্দিকুল ইসলাম বাংলা ভাইও এ মামলা আসামি ছিলেন। ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে দুই বিচারক হত্যার মামলায় তাদের ফাঁসি দেওয়া হয়েছে। সরকারি কৌঁসুলি আমান উল্যাহ আমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মামলার রায়ের সঙ্গে জেলা জজকে লক্ষ্য করে বোমা হামলার মামলারও রায় ঘোষণা করা হবে।" ২০০৫ সালের ৩ অক্টোবর জুনিয়র জেলা জজ দীপেন দেওয়ানকে লক্ষ্য করে আদালতে বোমা হামলার ঘটনায় বিচারপ্রার্থী হাসিম বকাউল নামে একজন নিহত হন। তিনি জানান, গত বছর ২৭ সেপ্টেম্বর এ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিলো। পরবর্তীতে তা পিছিয়ে ১৭ অগস্টের বোমা হামলার মামলার সঙ্গে রায় ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মামলায় ১২ আসামির সবাই কারাগারে আছেন বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৪২ ঘ.