২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলফা নেতা রঞ্জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ তিন মামলায় উলফা নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 10:10 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

কিশোরগঞ্জ, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ তিন মামলায় উলফা নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার কিশোরগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আমস সাঈদের আদালতে অভিযোগ গঠন করা হয়। বিচারক আগামী ৪ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এর আগে কিশোরগঞ্জ কারাগার থেকে রঞ্জন ও প্রদীপকে আদালতে হাজির করা হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ তিন মামলায় শুনানি শেষে রঞ্জন চৌধুরী ও প্রদীপ মারাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।" ভারতের আসাম রাজ্যের বিছিন্নতাবাদী গেরিলা সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) শীর্ষস্থানীয় নেতা রঞ্জন ও তার সহযোগী প্রদীপকে গত বছরের ১৭ জুলাই কিশোরগঞ্জের ভৈরবের লক্ষ্মীপুর এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার করা হয়। ওইদিন রাতেই র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের উপ সহকারী পরিচালক (ডিএডি) করিম উল্লাহ বাদি হয়ে অস্ত্র, বিস্ফোরক, অনুপ্রবেশ ও সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেন। রঞ্জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলাটি বর্তমানে কিশোরগঞ্জের জৈষ্ঠ্য বিচার বিভাগীয় হাকিম মো. আলী আহসানের আদালতে বিচারাধীন রয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক এবং আসামি পক্ষে ছিলেন মিজানুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬০৩ ঘ.