২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্রতিবাদ সমাবেশ বিকালে

মুন্সীগঞ্জের ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বুধবার বিকালে ঢাকার মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 03:25 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বুধবার বিকালে ঢাকার মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে। মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের আদালতে মামলার পর বিকালেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। নির্বাচন কমিশনের পদত্যাগ, উপনির্বাচন-পৌর নির্বাচনের 'ভোট কারচুপি'র প্রতিবাদে মুক্তাঙ্গনে বিকালে পূর্বঘোষিত কর্মসূচি একইসঙ্গে পালিত হবে বলে জানান তিনি। একই সঙ্গে সারাদেশে বিক্ষোভের কর্মসূচি রয়েছে বিএনপির। বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তাঙ্গনের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।" মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি নিয়ে তারা আলোচনা করেছেন। আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে মতিউর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত। এর পরদিন বিএনপি চেয়ারপারসন খালেদাকে প্রধান আসামি করে মুন্সীগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেন জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন। বিএনপির অভিযোগ, দাবি আদায়ে স্থানীয়দের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংঘটিত ঘটনায় খালেদাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। তবে মামলাকারীর অভিযোগ, গত ২৯ জানুয়ারি ঢাকায় আইনজীবী ফোরামের এক সভায় বিরোধীদলীয় নেতা খালেদা আড়িয়ল বিলে বিমানমন্দর নির্মাণ নিয়ে 'উস্কানিমূলক' বক্তব্য দেন। এ কারণে সোমবার পুলিশ হত্যাসহ সহিংসতার ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৩০ ঘ.