২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার, হরতালের হুমকি

সিরাজগঞ্জে শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। সাইদুর রহমান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি। স্থানীয় বিএনপি বলেছে, বুধবার দুপুরের মধ্যে সাইদুরকে মুক্তি না দিলে পরদিন শহরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে শহরের থানা রোডের বাসা থেকে সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতে নেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাইদুরকে উপরের নির্দেশে আটক করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক। তিনি বলেন, সাইদুরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকালে তাকে জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। তখন তার আইনজীবী জামিন আবেদন করলে হাকিম হাসিবুল হক বুধবার শুনানির দিন ধার্য্য করে তাকে কারাগারে পাঠাতে বলেন। সাইদুরের মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে কয়েকশ' মহিলা সদর থানার সামনে বিক্ষোভ করে। দুপুরে বিক্ষুব্ধ নারী-পূরুষ ও দলীয় নেতাকর্মীরা আদালতে চত্ত্বরে গিয়ে আবারো বিক্ষোভ দেখায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিরাজগঞ্জ বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু বুধবার দুপুরের মধ্যে সাইদুরের মুক্তি দাবি করেন। মঙ্গলবার সন্ধ্যার পর শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সাইদুরকে মুক্তি দেওয়া না হলে বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরে সকাল-সন্ধ্যা হরতাল হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের কথা মতো পুলিশ কোনো কারণ ছাড়াই সাইদুরকে কারাগারে পাঠিয়েছে অভিযোগ করে ইকবাল হাসান বলেন, এটা আওয়ামী লীগের 'ফ্যাসিস্ট' রাজনৈতির বহিঃপ্রকাশ। এ অবস্থা চলতে থাকলে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল হয়ে উঠতে পারে। সে জন্য প্রশাসনকেই দায় দায়িত্ব বহন করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০২২ ঘ.