২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের সার্বভৌমত্ব বিতর্ক 'সুপ্রিম কোর্টও সংবিধানের আলোকে কাজ করছে'

সংসদের সার্বভৌমত্ব এবং এর কাছে বিচারকদের জবাবদিহি নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, কেউই সংবিধানের ঊর্ধ্বে নয়। সংবিধানের আলোকেই সবাই কাজ করছে, সুপ্রিম কোর্টও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের সার্বভৌমত্ব এবং এর কাছে বিচারকদের জবাবদিহি নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, কেউই সংবিধানের ঊর্ধ্বে নয়। সংবিধানের আলোকেই সবাই কাজ করছে, সুপ্রিম কোর্টও। জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম 'বাংলাদেশের সংসদ সার্বভৌম নয়'- বিচারপতিদের এই বক্তব্য সংবলিত প্রকাশিত সংবাদ প্রসঙ্গে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ প্রসঙ্গে শফিক আহমেদ কোনো বিতর্কে না গিয়ে বলেন, "বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন। সংবিধানের আলোকেই সবকটি অঙ্গ কাজ করে যাচ্ছে।" ছয়দিন বিরতির পর মঙ্গলবার বিকালে শুরু হয় নবম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। গত ২০ ডিসেম্বর আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান, সংসদীয় কমিটি চাইলে যে কোনো সরকারি চাকরিজীবীকে কমিটির সামনে হাজির হতে হবে- এমন একটি আইনের খসড়া আইন মন্ত্রণালয় তৈরি করেছে। তার ওই বক্তব্যের পর থেকেই সংসদের সার্বভৌমত্ব এবং এর কাছে বিচারকদের জবাবদিহিতা নিয়ে বিতর্ক চলছে। ২১ ডিসেম্বর কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগ কার কাছে জবাবদিহি করবে সে বিষয়ে আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের কাছে ব্যাখ্যা চেয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এরপর ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় সুপ্রিম কোর্টের বিচারকরা এ বিষয়ে তাদের মত প্রকাশ করেন। সভায় বলা হয়, বাংলাদেশের জাতীয় সংসদ সার্বভৌম নয়। তাই সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করতে সুপ্রিম কোর্ট বাধ্য নয়। পরদিন ৪ জানুয়ারি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাংলাদেশের সংসদ সার্বভৌম এবং সংসদের কাছে জবাবদিহি করতে সবাই বাধ্য। চলমান এ বিতর্কের প্রেক্ষাপটে গত ১৫ জানুয়ারি প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এক অনুষ্ঠানে বলেন, সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ কেউ কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। বরং সবার জবাবদিহিতা জনগণের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এইচএ/১৯৪০ ঘ.