ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীনগরে জনতা ও পুলিশের সংঘর্ষের ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপির সংসদীয় দল।
মঙ্গলবার বিকালে জাতীয় সংসদে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক এই দাবি জানান।
তিনি বলেন, "যখনই আমরা সংসদে ফিরে আসার উদ্যোগ নিতে যাই, তখনই সরকার এভাবে মামলা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা সরকারকে বলব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করুন।"
নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলের প্রধান হুইপ।
মুন্সীগঞ্জের শ্রীনগরে সোমবার সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার খালেদা জিয়াকে প্রধান আসামি করে মুন্সিগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা দায়ের করেন জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন। মামলাটিতে বিএনপি চেয়ারপার্সন ছাড়াও অজ্ঞাতনামা তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়।
জয়নুল আবদিন বলেন, "আমরা জানতে পেরেছি সরকার ইচ্ছাকৃতভাবে ওই ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে সরকারি দলের স্থানীয় সংসদ সদস্যরা জড়িত।"
বিরোধী দলের প্রধান হুইপ ওই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
সংবাদ সম্মেলনে বিএনপি সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নজরুল ইসলাম মঞ্জু, জেড আই মোস্তফা, নীলুফার চৌধুরী মনি, শাম্মী আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪৭ ঘ.
bdnews24