ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষুব্ধদের মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষুব্ধদের মিছিলের সময় বিকাল ৫টার দিকে আধঘণ্টার জন্য যান চলাচলও বন্ধ করে দেয় পুলিশ।
বিকাল সাড়ে ৪টার পর স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল থেকে আনন্দ ভবনের কাছে একটি বাস ভাংচুরের পর আগুন লাগানো হয়। আগুনে বাসের কয়েকটি সিট পুড়ে যায়। এরপর পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
মুন্সীগঞ্জের শ্রীনগরে সোমবার জনতা-পুলিশ সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়। এর প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল কাকরাইল নাইটিংঙ্গেল রেস্টুরেন্টের কাছ থেকে মিছিল বের করে। এ ছাড়া স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আলাদাভাবে মিছিল করে।
মুন্সীগঞ্জের ঘটনার মামলাটিতে খালেদা ছাড়াও অজ্ঞাতনামা ৩ হাজার ব্যক্তিকে আসামি করা হয়।
মিছিলকারীরা নয়া পল্টনে সড়কের বিভিন্ন স্থানে ইটপাটকেল নিক্ষেপ করে ১০/১২টি গাড়ি ভাংচুর করে।
পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলার প্রায় আধাঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় পুলিশ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
পল্টন থানার ওসি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্ষোভকারীরা একটি বাসে আগুন লাগালে পুলিশ গিয়ে তা নেভায়। এতে বাসটির বড় ধরণের কোনো ক্ষতি হয়নি।
তিনি বলেন, "শুধু লাঠিচার্য করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এই ঘটনার সময় ১২ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই করে পরবর্তীতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/পিডি/১৮২৭ ঘ.
bdnews24