২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা: বুধবার দেশব্যাপী প্রতিবাদ বিএনপি'র

খালেদা জিয়ার বিরুদ্ধে 'মিথ্যা, বানোয়াট ও প্রতিহিংসামূলক' মামলা দায়েরের প্রতিবাদে বুধবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে 'মিথ্যা, বানোয়াট ও প্রতিহিংসামূলক' মামলা দায়েরের প্রতিবাদে বুধবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, "বিএনপিকে আন্দোলন থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করে এই মামলার ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। মানুষের ইচ্ছার বিরুদ্ধে সরকার হঠকারী সিদ্ধান্ত নিয়েই এই নতুন অপ্রয়োজনীয় বিমানবন্দর করতে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।" কর্মসূচি সফল করতে দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান দেলোয়ার। বুধবার ঢাকার মুক্তাঙ্গনে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিও বহাল থাকবে বলে জানান বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশনের পদত্যাগ, উপনির্বাচন- পৌর নির্বাচনের 'ভোট কারচুপি'র অভিযোগসহ বিভিন্ন দাবিতে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষিত হয় সোমবার। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মঙ্গলবার বিকালে নয়া পল্টনে দলের কার্যালয়ের সামনে যুবদল, ছাত্রদল, মহিলাদল, মুক্তিযোদ্ধাদল মিছিল করে। কাকরাইল থেকে নয়া পল্টন সড়কে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। মুন্সীগঞ্জের শ্রীনগরে সোমবারের সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় খালেদা জিয়াকে প্রধান আসামি করে মুন্সিগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে মঙ্গলবার মামলা করেন জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন। মামলাটিতে বিএনপি চেয়ারপার্সন ছাড়াও অজ্ঞাতনামা তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়। সোমবার সংঘর্ষের পর স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ওই ঘটনার জন্য খালেদা জিয়াকে দায়ী করে বলেছিলেন, "খালেদা জিয়ার নির্দেশে বিএনপি ক্যাডাররা ন্যক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্ম দিয়েছে।" আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে মতিউর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবারের জরুরি সংবাদ সম্মেলন হয়। খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, আড়িয়ল বিলে সরকার একটি বিশেষ উদ্দেশ্যে বিমান বন্দর করতে চায়। এরকম একটি প্রকল্প নির্ধারণের আগে কোনো সম্ভাব্যতা জরিপ করা হয়নি। সম্পূর্ণ একতরফাভাবে হঠকারী সিদ্ধান্ত নিয়ে তারা এটা করেছে। "আড়িয়ল বিলে ২৫ হাজার একর ভূমি অধিগ্রহণ করা হলে সেখানকার লোকজনের বাপ-দাদার ভিটে ছাড়া করা হবে। এর বিরুদ্ধে স্থানীয় জনগণ অনেকদিন প্রতিবাদ জানিয়ে আসছে।" স্থানীয়দের এই প্রতিবাদের সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই বলেও মন্তব্য করেন দেলোয়ার। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সহসভাপতি সেলিমা রহমান, সাদেক হোসেন খোকা, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, রুহুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালামসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে দেলোয়ার মামলার বিষয়বস্তু নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতা ও আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮০৩ ঘ.